শস্যভান্ডার কমলগঞ্জে দ্রুত কমে যাচ্ছে কৃষিজমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শস্যভান্ডার কমলগঞ্জ উপজেলায় আবাদি জমি ভরাট করে দ্রুত গড়ে উঠছে আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো। এতে আশঙ্কাজনকভাবে ফসলি জমির পরিমাণ কমছে। সৃষ্টি হয়েছে খাদ্য উৎপাদনে ঘাটতির আশঙ্কা।উপজেলা কৃষি দপ্তরের তথ্যানুযায়ী, মৌলভীবাজারের উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শস্য উৎপাদন হয় কমলগঞ্জেই। কিন্তু গত কয়েক বছর ধরে এখানে, বিশেষ করে সড়কের পাশের আবাদি জমিতে দ্রুত বসতঘর, দালানকোঠা ও দোকানপাট গড়ে উঠছে। কমলগঞ্জ উপজেলা থেকে আদমপুর, শমশেরনগর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়াসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে কৃষিজমিতে অবকাঠামো নির্মাণের এ চিত্র চোখে পড়ে।কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মাত্র গত এক বছরেই ঘরবাড়ি, সড়ক নির্মাণ, ইটভাটা স্থাপনসহ বিভিন্ন কারণে ফসলি জমি কমেছে দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ ৪৫ হেক্টর কৃষিজমি চলে গেছে অকৃষি খাতে। এতে উপজেলায় আমন উৎপাদন কমেছে। তবে হাইব্রিড-প্রযুক্তি ব্যবহার করায় আউশ ও ইরি-বোরোর উৎপাদন কিছু বেড়েছে। কিন্তু উপজেলা কৃষি অফিসের আশঙ্কা, এভাবে হাইব্রিড-প্রযুক্তি ব্যবহার করে বেশি দিন স্থায়ীভাবে ধান উৎপাদন বাড়ানো যাবে না।কৃষি কার্যালয়ের তথ্যানুযায়ী, উপজেলায় আবাদি ও অনাবাদি মিলিয়ে মোট কৃষিজমির পরিমাণ ৩৭ হাজার ৩৫২ হেক্টর।কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. কবির আহমদ বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর দেশে এক লাখ হেক্টর কৃষিজমি ভরাট করে রাস্তাঘাট, ইটভাটা, শিল্পকারখানা ও দালান নির্মাণ করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনের ওপর।রাস্তার ধারের কৃষিজমি কিনে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণকারী শমশেরনগরের ব্যবসায়ী প্রমথ পাল পিনাক বলেন, ‘সুবিধাজনক দামে পাওয়ায় জমিটি কিনেছি। ভবিষ্যতের কথা বিবেচনা করে জমিটি ভরাট করছি।’ জমি বিক্রয়কারী আলীনগর ইউনিয়নের রঞ্জন কুমার শীল বলেন, অভাবের তাড়নায় বাধ্য হয়ে তিনি ১৫ শতক জমি বিক্রি করেছেন। পৈতৃকসূত্রে পাওয়া কৃষিজমি ভরাট করে করাতকল স্থাপনকারী স্থানীয় এক বাসিন্দা বলেন, ব্যবসার ভালো সম্ভাবনা দেখে তিনি জমি ভরাট করে করাতকল স্থাপন করেছেন।কৃষির জন্য আরেকটি সমস্যা হচ্ছে, ইটভাটার জন্য খেতের মাটি বিক্রি করা। স্থানীয় বাসিন্দা আহমদ সিরাজ, আমিরুজ্জামান ও আবদুল হান্নান বলেন, এ অঞ্চলের দরিদ্র পরিবারগুলো অভাবের কারণে কৃষিজমির উর্বর মাটি ইটভাটায় বিক্রি করছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং উৎপাদন কমছে। আবাদি জমি রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে মত দেন তাঁরা।এ ব্যাপারে কৃষি কর্মকর্তা কবির আহমদ বলেন, ফসলি জমির ওপরের স্তরের মাটির ছয় ইঞ্চি পর্যন্ত উর্বর থাকে। যে জমির ওপরের অংশের মাটি বিক্রি করা হয়, তা আবারও আগের মতো উৎপাদনক্ষম করে তুলতে কমপক্ষে তিন-চার বছর সময় লাগে।কবির আহমদ বলেন, কৃষিজমিতে অবকাঠামো নির্মাণের বিষয়ে এখনো কোনো নীতিমালা না থাকায় ইচ্ছামতো ঘরবাড়ি গড়ে উঠছে। কৃষিজমিতে রাস্তা ও দালান নির্মাণের জন্য স্থানীয় কৃষি বিভাগের অনুমতি গ্রহণের বিধান করা উচিত বলে মত দেন তিনি।কৃষিজমি কমে যাওয়ার ক্রমবর্ধমান হারে সরকারের নীতিনির্ধারক মহলেও উদ্বেগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত শিল্পনীতিতে কৃষিজমিতে শিল্প স্থাপনের বিষয়টি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।