পারমাণবিক শক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের খাদ্যশস্যের পরিবর্তিত জলবায়ুসহিষ্ণু জাত উদ্ভাবনের মাধ্যমে খাদ্যনিরাপত্তা অর্জন করা সম্ভব। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মিলনায়তনে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিবিজ্ঞানীরা এসব কথা বলেন।বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিস শাখার পরিচালক আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক এম এ সাত্তার, বিশেষ অতিথি ছিলেন বিনার গবেষণা শাখার পরিচালক এম এ ছালাম। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা, গবেষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বিনার মহাপরিচালক কৃষিবিজ্ঞানী এম এ সাত্তার বলেন, চলতি বছর গবেষণা ক্ষেত্রে বিনা বিস্ময়কর সাফল্য অর্জন করেছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ধান, সরিষা, মুগডালসহ বিভিন্ন প্রজাতির খাদ্যশস্যের উচ্চফলনশীল মোট আটটি জাত উদ্ভাবন করেছে, যা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। তাদের উদ্ভাবিত লোনাসহিষ্ণু বিনা ধান-৮ আশানুরূপ সাফল্য পেয়েছে।কৃষিবিজ্ঞানীরা বলেন, লোনাসহিষ্ণু ও অধিক ফলনশীল ফসল উৎপাদনে বিনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছে।