চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি—প্রাইমারি স্কুল সার্টিফিকেট) এ বছর শহর ও গ্রামে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। প্রায় এক লাখ ৩৪ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৪৮১ জন ছাত্র ও ৭২ হাজার ৫১৮ জন ছাত্রী রয়েছে। ২১ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার দিনমজুর সাহেব আলী বলেন, ‘আমার মেয়ে এবার সমাপনী পরীক্ষা দেবে। আমি শত কষ্টের মধ্যেও মেয়ের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। কারণ, পড়াশোনার ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে সব সময়ে বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।’চট্টগ্রামে সমাপনী পরীক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ার বিষয়টি স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক স্তরে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে অভিভাবকদের সচেতনতার বিষয়টি প্রাধান্য দেওয়া যেতে পারে। আর এ জন্য সরকারি বিভিন্ন উদ্যোগ ফলপ্রসূ ভূমিকা পালন করেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে শিক্ষকদের তৎপরতা বেড়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন শিক্ষার্থীর, তাদের বাবা-মাকে উদ্বুদ্ধ করছেন নানাভাবে। বৈঠক হচ্ছে তাঁদের সঙ্গে।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম নগরের ছয়টি থানা ও ১৪টি উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৩ হাজার ৯৯৯ জন। এর মধ্যে ছয়টি থানায় মোট ৩৯ হাজার ৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ১৩ জন ছাত্র ও ২০ হাজার ৫২৭ জন ছাত্রী রয়েছে। ছয়টি থানা হচ্ছে: চান্দগাঁও, পাহাড়তলী, বন্দর, কোতোয়ালি, ডবলমুরিং ও পাঁচলাইশ। প্রতিটি থানায়ই ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। একইভাবে ১৪ উপজেলার প্রতিটিতে তুলনামূলকভাবে ছাত্রীর সংখ্যা বেশি। এসব উপজেলার মধ্যে রয়েছে: চন্দনাইশ, রাউজান, মিরসরাই, ফটিকছড়ি, সন্দ্বীপ, বোয়ালখালী, সীতাকুণ্ড, হাটহাজারী, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা, লোহাগাড়া, বাঁশখালী ও সাতকানিয়া। ১৪ উপজেলায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৪৫৯ জন। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৪৬৮ জন ও ছাত্রী ৫১ হাজার ৯৯১ জন।