শহর ও গ্রামের ব্যবধান ঘোচানোর কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শহর ও গ্রামের মধ্যে বিরাজমান যাবতীয় ব্যবধান, দূরত্ব ও অসংগতি দূর করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ জন্য গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে।

গতকাল শুক্রবার ফরিদপুরে দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কবি জসীমউদ্‌দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর শহর আওয়ামী লীগ।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, গ্রাম ও শহর যদি একতালে না চলে, তাহলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব  নয়। এ জন্য বর্তমান সরকার গ্রাম ও শহরের মধ্যেকার ফারাক ঘোচাতে শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া শুরু করেছে। এ লক্ষ্যেই রাস্তাঘাটসহ গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার
উদ্যোগ নিয়েছে সরকার। যেখানে তার টেনে বিদ্যুৎ দেওয়া যাবে, সেখানে তার টানা হবে। যেখানে তার টানার সুযোগ নেই,
সেখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরের নদ-নদী ও খাল পুনরুদ্ধার এবং খনন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কুমার নদ খননের জন্য ২৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অচিরেই এ কাজ শুরু হবে। এরপর সব খাল পুনরুদ্ধার করে খনন করা হবে। এই কার্যক্রম সম্পন্ন হলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। তখন
আর কারও শীতবস্ত্র বিতরণের প্রয়োজন হবে না। অনুষ্ঠানে মন্ত্রী তাঁর নিজস্ব তহবিল থেকে সদর উপজেলার তিন হাজার মানুষকে কম্বল দেন।

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।