অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মহাজোট সরকারের অঙ্গীকার হলো, শহর ও পাড়াগাঁয়ের মধ্যে যে বৈষম্য, সেটা কমিয়ে আনা। রাস্তা, বিদ্যুত্ ও কালভার্টের দাবি জনগণের দাবি। এগুলোর উন্নয়ন হলে জনগণের উন্নয়ন হয়।’ গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার আগনসী মোল্লাবাড়ী এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, মাদ্রাসায় ধর্ম শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা ও বিজ্ঞানমনস্ক হওয়ার শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। বৃত্তিমূলক শিক্ষা মানুষকে জীবনযুদ্ধে জয়ী হতে সাহায্য করে। আগনসী মোল্লাবাড়ী এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি এ কে এম এ হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ, সাংসদ সৈয়দ মহসীন আলী, শাহাব উদ্দিন আহমদ প্রমুখ।