শহর পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে মেয়র
পঞ্চগড় শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পঞ্চগড় পৌরসভার মেয়র, কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার ঝাড়ু হাতে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন।
পৌরসভা ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল সকালে শহরের শেরেবাংলা পার্ক থেকে শুরু করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ওই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের আশপাশের বাড়ি-ঘর, অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলররা হলুদ অ্যাপ্রোন পরে ঝাড়ু হাতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পেছনে ছিল পৌরসভার ট্রাক। সঙ্গে ছিল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল ফেস্টুন। ফেস্টুনে ছিল ‘আবর্জনা ফেলনা নয়’, ‘প্রক্রিয়া করলে সার হয়’, ‘আবর্জনা সংগ্রহ-অপসারণে পৌরসভার সহায়তা নিন’, ‘নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলুন’, ‘এই শহর আপনার তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আপনার’—এমন স্লোগান।
ব্যবসায়ী নাসিরুল কাদের বলেন, পৌরসভার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসলামবাগ এলাকার আবদুল্লাহ আল মামুন বলেন, পৌরসভার যেমন কর্তব্য আছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব আছে। পৌরসভা তাদের দায়িত্ব পালন করছে, নাগরিকদেরও কর্তব্য পালন করতে হবে।
পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও পৌরবাসীকে সচেতন করতে এমন কর্মসূচি নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি মাসে এক দিন এমন কর্মসূচি পরিচালনা করা হবে।