শহর পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ

শহরের রাস্তাঘাট আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বগুড়া পৌরসভা বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরবাসী সহযোগিতা করলে এই প্রকল্প পুরো শহরে বাস্তবায়ন করা হবে। পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বিদেশে গিয়ে সেখানকার অভিজ্ঞতা নিয়ে বগুড়া শহরে পরীক্ষামূলকভাবে এই কাজটি করার উদ্যোগ নিয়েছেন।
শহরবাসী যাঁরা কবি নজরুল ইসলাম সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন তাঁদের অনেকেরই চোখে পড়েছে এই সড়কের দুই ধারে কয়েক গজ পরপর রড দিয়ে তৈরি একটি গোলাকার খাঁচা। এক সপ্তাহ আগে খাঁচাগুলো নির্মাণ করা হয়। পৌরসভা থেকে এগুলোর নাম দেওয়া হয়েছে ‘ডাস্টবিন ঝুড়ি’। ঝুড়িটি কীভাবে শহরবাসী ব্যবহার করবে তা অনেকেরই ধারণা ছিল না। কিন্তু গত মঙ্গলবার এই ঝুড়ির মধ্যে একটি বস্তার সমপরিমাণ পলিথিন ঢুকিয়ে দেওয়া হয়। তার মধ্যে ফেলা হচ্ছে কাগজ, পলিথিন, বিস্কুটের খালি প্যাকেট, কলার খোসা, খালি পানির বোতল বা পেপসির বোতল শহরবাসী এসব ময়লা সড়কের মধ্যে বা ফুটপাতে ফেলতেন। এখন থেকে এই ঝুড়ির মধ্যে ফেলার জন্য পৌরসভা থেকে প্রচার চালানো হচ্ছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী আমিনুর রহমান জানান, পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ঘুরে এসেছেন। সেই সব দেশের শহরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কীভাবে করে তা তিনি দেখে এসেছেন। সেখানে রাস্তার ধারে ঝুড়ি বসানো হয়েছে। শহরে চলাচলকারী মানুষজন ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে এই ঝুড়িতে ফেলছেন। এতে শহর নোংরা হচ্ছে না। মেয়র বিদেশ থেকে আসার পর তিনি পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে সভা করেন।