শহর পরিচ্ছন্ন রাখতে মাঠে তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার মাঠে নেমেছেন নোয়াখালীর তরুণেরা। যার অংশ হিসেবে গতকাল রোববার তরুণ-তরুণীদের অংশগ্রহণে শহরে ‘ক্লিন নোয়াখালী’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘আমরাই নোয়াখালী’ নামের সামাজিক যোগাযোগের মাধ্যমভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টার দিকে শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে পিটিআই-সংলগ্ন নোয়াখালী বিজয় মঞ্চের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পৌরসভার মেয়র সহিদ উল্লা খানসহ শহরের বিশিষ্টজনেরা শোভাযাত্রায় অংশ নেন।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিজয় মঞ্চে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরাই নোয়াখালীর সমন্বয়ক ওয়াজেদ মহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্লা খান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান, জেলা শিক্ষক সমিতির সহসভাপতি এ বি এম আবদুল আলীম, সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।
সহিদ উল্লা খান শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমরাই নোয়াখালীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোনো সংস্থার একার পক্ষে শহর সুন্দর রাখা সম্ভব নয়। একটি সুন্দর, আধুনিক শহর গড়ে তুলতে হলে সব নাগরিককে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আমরাই নোয়াখালীর সমন্বয়ক বলেন, শহরবাসীকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।’
আমরাই নোয়াখালীর পক্ষ থেকে জানানো হয়, শহরের মাইজদী বাজার থেকে সোনাপুর পর্যন্ত বিভিন্ন স্থানে সংগঠনের পক্ষ থেকে ১২০টি পাত্র স্থাপন করা হবে। সোমবার থেকে পাত্রগুলো স্থাপন শুরু হবে।
গতকাল আলোচনা শেষে পৌর মেয়র পিটিআই চত্বরে একটি পাত্র স্থাপন ও আবর্জনা ফেলে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।