শহর পরিচ্ছন্নতায় সহযোগিতা চেয়ে পৌরসভার বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দোকানপাট, অফিস ও ঘরে ঘরে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এতে শহরবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রভাতি কর্মসূচি নামে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে শহরবাসীর উদ্দেশে বলা হয়, ‘আপনার সহযোগিতা কামনা করছি। দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের আবর্জনা রাতেই পরিষ্কার করুন। শহরের জঞ্জাল, বর্জ্য ডাস্টবিন ও নির্দিষ্ট ঝুড়িতে ফেলুন।’
সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, তিন মাস ধরে পৌরসভার মেয়রসহ সব কাউন্সিলর নিরলসভাবে পরিচ্ছন্নকাজে অংশ নিচ্ছেন। পরিচ্ছন্নতাকর্মীরা রাত তিনটা থেকে ভোর অবধি আবর্জনা সরিয়ে নিচ্ছেন। এখন পৌরবাসীকেও সম্পৃক্ত করে প্রভাতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচি চলবে মাসব্যাপী।
পৌর মেয়র মো. আমজাদ হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নাগরিক সুবিধা। এ জন্য সবাইকে সচেতন হতে হবে। প্রভাতি কর্মসূচি সেই লক্ষ্যে কাজ করবে। শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভার হটলাইন স্থাপন করা হয়েছে। জনগণ এ থেকে পরিচ্ছন্নতা সম্পর্কিত সব সহযোগিতা পাবেন।’