শহর রক্ষা বাঁধ ও পদ্মার তীর সংরক্ষণ নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে সীমান্ত নদী এলাকাসংলগ্ন বাঘা-চারঘাট-রাজশাহী শহর রক্ষা বাঁধ নির্মাণ, গোদাগাড়ী উপজেলাসহ পদ্মা নদীর তীর সংরক্ষণের অসমাপ্ত কাজ শেষ করার দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।পরিষদের নেতারা শুক্রবার রাতে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবির কথা তুলে ধরেন। রাজশাহী সার্কিট হাউসে পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ওই সভায় উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, চলনবিল এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা ও বিল হালতি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, গঙ্গা ব্যারাজ নির্মাণ ও পদ্মা নদীর ক্যাপিটাল ড্রেজিং এবং চারঘাটের বড়াল নদীর স্লুইচগেট ভেঙে ফেলার বিষয়েও আলোচনা করা হয়।পরিষদের নেতাদের কথা শোনেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আজিজুল হক, প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ। পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামাত খান, আবদুল মান্নান, এন্তাজুল হক প্রমুখ। বড়াল নদীকে বাঁচাতে চারঘাটের স্লুইচগেট ভাঙা প্রসঙ্গে সচিব শেখ আলতাফ আলী বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংসদে কথা উঠেছে। এই পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্লুইচগেটের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।