শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে ফেলে পাটগ্রামে তোলা হচ্ছে বালু
লালমনিরহাটের পাটগ্রামে পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা বাঁধ ও আঞ্চলিক মহাসড়ক থেকে মাত্র ৩০ মিটার দূরে ‘বোমা মেশিন’ (খননযন্ত্র) দিয়ে ধরলা নদী থেকে বালু তোলা হচ্ছে। ফলে পৌর শহররক্ষা বাঁধ ও পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কটি হুমকির মুখে পড়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, নদীর স্রোতের গতিপথ অনুযায়ী বাঁধ ও মহাসড়ক থেকে বিভিন্ন দূরত্বে বালু ও মাটি উত্তোলন করা যায়। তবে কোনোক্রমেই ১০০ মিটারের মধ্যে তা করা যাবে না। এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য দ্রুত লোক পাঠানো হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, নদী থেকে বালু তোলা হচ্ছে কি না, তা দেখে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জেলা পরিষদের আওতায় পাটগ্রাম উপজেলায় ৫০০ আসনবিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আদিতমারী এএইচ অ্যান্ড এনসি জেভি কনসট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ছয় কোটি তিন লাখ টাকায় হলের নির্মাণকাজ পায়। চলতি বছরের জানুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হয়।
এলাকাবাসীর কয়েকজন জানান, এই হল নির্মাণকাজের জন্য জমিতে মাটি ভরাট করা দরকার হয়। এ জন্য ঠিকাদার পৌর শহররক্ষা বাঁধ ও আঞ্চলিক মহাসড়কের পাশে ধরলা নদীতে বোমা মেশিন বসিয়ে ২৮ দিন ধরে বালু উত্তোলন করছেন।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, পৌর শহররক্ষা বাঁধ ও আঞ্চলিক মহাসড়কের মাত্র ৩০ গজ দূরে ধরলা নদীতে দুটি বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ওই মেশিনে পাইপ লাগিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নির্মাণ এলাকা ভরাট করা হচ্ছে। বালু উত্তোলনের ফলে নদীর ওই জায়গায় গভীর খাদের সৃষ্টি হয়েছে।
হল নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা আবদুল আলিম বলেন, এ স্থান ভরাট করতে এক লাখ ঘনফুট বালু লাগবে। এতে মেশিন মালিককে প্রতি ঘনফুট বালুর জন্য চার টাকা হিসেবে দিতে হবে। বাঁধ ও সড়ক ঝুঁকিতে ফেলে বালু আনছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, ওই নদী থেকেই বালু আনা হবে, কেউ বন্ধ করতে পারবে না।
আদিতমারী এএইচ অ্যান্ড এনসি জেভি কনসট্রাকশনের মালিক আবদুল হাকিম বোমা মেশিন দিয়ে বালু ভরাটের কথা অস্বীকার করে বলেন, ‘আমি এক ব্যক্তিকে বালু ভরাটের জন্য চুক্তি দিয়েছি। সে ট্রাক দিয়ে ভরাট করবে, না মেশিন দিয়ে ভরাট করবে এটা তার বিষয়। আমার জায়গা ভরাট হয়েছে কি না, তা আমি দেখব।’
জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী জাকিউল আলম বলেন, ‘বালু দিয়ে গর্ত ভরাট কীভাবে করবে সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে বালু দিয়ে ভরাটের কাজ হচ্ছে কি না, সেটি আমরা দেখব।’