শহর রক্ষা বাঁধ নির্মিত হয়নি পূর্ণিমায় তলিয়ে যায় মংলা
মংলা বন্দর পৌরসভা প্রতিষ্ঠার ৩৮ বছর পার হয়ে গেলেও কোনো শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থায় দুই বছর ধরে বর্ষা মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পশুর নদী ও মংলা নদীর জোয়ারের পানিতে তলিয়ে যায় পৌর এলাকা। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পৌরবাসী।
পৌরবাসীর অভিযোগ, গত দুই বছরে পৌর কর্তৃপক্ষ উপচে পড়া জোয়ারের পানি থেকে মংলাবাসীকে রক্ষার নানা প্রতিশ্রুতি দিলেও তা প্রকল্পের পরিকল্পনাতেই আটকে আছে।
মংলা বন্দর পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে যাত্রা শুরু হয়ে এটি এখন প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌর শহরে লক্ষাধিক মানুষের বাস। পশুর ও মংলা নদীসহ অসংখ্য খাল রয়েছে এই শহরটিকে ঘিরে। ২০১০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় পশুর ও মংলা নদীর তীর ঘেঁষে বাঁধ নির্মাণ করে একটি বেসরকারি সংস্থা। যদিও কাজটি অসম্পন্ন রয়ে গেছে। ওই বাঁধের ফলে সাময়িকভাবে পৌর এলাকার কিছু অংশ রক্ষা পেলেও মূল শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা ছাড়াও নিম্ন ও লঘুচাপের প্রভাবে নদী ও খালের পানি কয়েক গুণ বেড়ে পুরো শহর প্লাবিত হয়।
গত বৃহস্পতিবার মংলা শহর ঘুরে দেখা যায়, পূর্ণিমা তিথি ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শহরের আবদুল হাই সড়ক, সিঙ্গাপুর মার্কেট, নিউ মেইন রোড, বাজার মসজিদ রোড, বিএলএস রোড, মাদ্রাসা রোড, তাজমহল রোড, কবরস্থান রোড, খেয়াঘাট এলাকায় প্রায় হাঁটুসমান পানি। খোদ পৌরসভা ভবন চত্বরেই জোয়ারের পানি।
বাজারের ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় শহরের প্রধান প্রধান রাস্তাঘাট, বাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন আবাসিক এলাকা। পানির তোড়ে ব্যবসা-বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগের শেষ থাকে না। এ সময় নালার ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে একাকার হয়ে রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে। এতে পথচারীরাও চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
মংলা বাজার মসজিদের ইমাম তৈয়বুর রহমান বলেন, প্লাবিত শহরে পথ চলতে গিয়ে পথচারীদের নালা ও রাস্তার খানাখন্দে পড়তে হচ্ছে। দু-তিন বছর ধরে এ অবস্থা চলছে।
মংলা বন্দর পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, অমাবস্যা ও পূর্ণিমায় নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে দু-তিন ফুট পানি বেশি হচ্ছে। এটি আসলে প্রাকৃতিক বিপর্যয়। পৌর কর্তৃপক্ষ প্রতিবছরই শহরের রাস্তাঘাট দফায় দফায় উঁচু করে চলেছে। এখন নদী-সংযুক্ত প্রধান দুটি খালে জলকপাট (স্লুইসগেট) বসানোর কাজ শিগগির শুরু হবে। আর ৫০ বছরের ব্যবহারের উপযোগী করে আগামী এক বছরের মধ্যে শহর রক্ষা বাঁধের নির্মাণকাজ হাতে নেওয়া হবে।