শহর রক্ষা বাঁধে যানবাহন নিষিদ্ধ, রাতে চলে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহর রক্ষা বাঁধের পেছনে গত ৩৮ বছরে সরকারের ব্যয় হয়েছে ৩১০ কোটি টাকা। তার মধ্যে দুই বছর আগে খরচ করা হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। স্পর্শকাতর এলাকা বলে মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাঁধের ওপর দিয়ে রাতভর বালুর ট্রাক পার হচ্ছে ঠিকই।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড থেকে জানা গেছে, নগরের দুই পাশে পবা উপজেলার কিছু এলাকা নিয়ে ১৯৭৪ সালে ১৭ দশমিক ২০ কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। শুধু শহরের মধ্যে পড়েছে প্রায় সাত কিলোমিটার। বাঁধের এই অংশটিই সবচেয়ে স্পর্শকাতর। এই অংশে মাঝেমধ্যে এমনভাবে স্থায়ী ব্যারিকেড দেওয়া হয়, যাতে কেউ বাঁধের ওপর দিয়ে মোটরসাইকেল পর্যন্ত চালিয়েও যেতে না পারে।
কিন্তু শহর রক্ষা বাঁধের সবচেয়ে স্পর্শকাতর এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে সারা রাত পদ্মা নদী থেকে বালু তোলার কাজ চলছে। আগে রাত-দিন ২৪ ঘণ্টা বালুর ট্রাক বাঁধের ওপর দিয়ে পারাপার করা হতো। সম্প্রতি প্রশাসনের হস্তক্ষেপের কারণে দিনের বেলায় বালু তোলার কাজ বন্ধ রয়েছে। রাতে পুরোদমে চলছে।
নগরের শ্রীরামপুর এলাকায় জেলা প্রশাসকের সরকারি বাসভবন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনের সামনের দুটি রাস্তা দিয়ে এখন বালুর ট্রাক পদ্মা নদী থেকে উঠে এসে বাঁধের ওপর দিয়ে পার করা হচ্ছে। এতে বাঁধের ওপরের পাকা রাস্তা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। আবার বাঁধও হুমকির মুখে পড়ছে।
শ্রীরামপুর এলাকার বালু তোলার দুটি রাস্তায় গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, রাতেই বালুর ট্রাক চলেছে। স্থানীয় লোকজন জানান, নগরের কোর্ট এলাকার বিপ্লব নামের এক ব্যক্তি আরও কিছু লোক নিয়ে সারা রাত ধরে বালু তোলার কাজ করেন। পদ্মা নদীতে পানি আসার পরে নদীর তলদেশ থেকে তাঁরা আর বালু তুলতে পারছেন না। এখন জোর করে মানুষের ফসলি জমি থেকে বালু তুলে নিয়ে আসছেন। রাতে তাঁদের সামনে গিয়ে কেউ দাঁড়াতেও পারছেন না।
শহরের পাশে পবা উপজেলার হরিপুর ও শ্যামপুর এলাকায় পাঁচটি ঘাট রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা বালু তোলা হয়। বাঁধের ওপর দিয়ে ট্রাক পারাপার করা হয়। গতকাল পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম শ্যামপুরে অভিযান চালিয়ে বালু তোলার যন্ত্রপাতি ধ্বংস করেছেন। এর কয়েক দিন আগে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান হরিপুরে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাতে হোক দিনে হোক, শহর রক্ষা বাঁধের ওপরে বালুর ট্রাক তোলা যাবে না। প্রয়োজনে তাঁরা এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবেন।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বাঁধের শহরের অংশের প্রায় সাত কিলোমিটার এলাকায় তাঁরা যানবাহন চলাচল নিষিদ্ধ করেছেন। তাঁরা বালু তোলার বিষয়টি জানতে পেরেছেন। কয়েক দিন আগে জেলা প্রশাসনের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তাঁরা এই বালুর ট্রাকের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালাবেন।