শহর রক্ষা বাঁধের পাড় থেকে মাটি উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাড়ঘেঁষে ব্যক্তি-মালিকানাধীন জমি থেকে মাটি কাটা হচ্ছে। পাশাপাশি ওই মাটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর দিয়ে ট্রাকে করে পরিবহন করা হচ্ছে।এর ফলে নদীর তীর সংরক্ষণ বাঁধ ও বেড়িবাঁধ দুটিই হুমকির মুখে পড়েছে। আওয়ামী লীগের সঙ্গে জড়িত স্থানীয় দুই ব্যক্তি এ কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পাউবো ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করলেও মাটি কাটার কাজ বন্ধ হয়নি।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, গদাধরডাঙ্গি এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের কাছে নদীর পাড় থেকে মাটি কাটার কাজ চলছে। এর মধ্যে দুই ফুট গভীর করে মাটি কেটে নেওয়া হয়েছে। ট্রাকে করে মাটি বহন করার জন্য পাউবোর বেড়িবাঁধের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাত নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গদাধরডাঙ্গি এলাকার মজিবর বিশ্বাস ও ছাত্রলীগের সাবেক নেতা পূর্ব আলীয়াবাদ এলাকার মো. স্বপন মোল্লা এ মাটি কেটে নিচ্ছেন।স্থানীয় সামাজিক বনায়ন কর্মসূচি সবুজ সংঘের সভাপতি মো. শাহজাহান বলেন, এভাবে মাটি কাটার ফলে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে। কেননা এ বাঁধের কাজ যখন হয় তখন নদীর পাড়ের সব পুকুর, ডোবা, গর্ত ভরাট করে ফেলা হয়েছিল বাঁধ রক্ষার জন্য।পদ্মা নদীর পাড় এলাকার শেখ মাসুদ, ইসাহাক মোল্লা ও শেখ নূর ইসলাম তাঁদের মালিকানাধীন জায়গা থেকে এ মাটি বিক্রি করছেন। শেখ মাছুদ দাবি করেন, বন্যার সময় এখানে যে বালু জমেছে তারা সেই বালু বিক্রি করছেন। পরে এ জমিতে ধান চাষ করা হবে।মাটি কাটার কথা স্বীকার করে মজিবর বিশ্বাস বলেন, ‘শুধু আমার গাড়ি চলাচল করে না। পাউবোর বেড়িবাঁধ দিয়ে আরও অনেকের গাড়ি চলাচল করে। মাটির রাস্তায় মাটির ট্রাক চললে রাস্তা খারাপ হবে, ধুলো উড়বেই।’ তিনি বলেন, ‘আমি একটু কইরা কাইটা খাইতেছি তাতে আমার শত্রুরা পছন্দ করছে না। তাই নানা বাহানায় সমস্যা করছে।’মজিবরকে ভাতিজা পরিচয় দিয়ে আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকতারুজ্জামান জানান, তাঁর জানামতে, বাঁধের কোনো ক্ষতি হলে মজিবর তা মেরামত করে দেবে বলে পাউবোর কাছে লিখিত আবেদন করেছেন। তারপরও তিনি পাউবোকে মাটি কাটার কাজ বন্ধ করে দিতে বলেছেন বলে দাবি করেন তিনি। বেড়িবাঁধের ক্ষতি হলে তাঁর ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে মজিবরের অঙ্গিকার করার কথা নিশ্চিত করে ফরিদপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী এ কে এম জহিরুল হক বলেন, ক্ষতিপূরণ বাবদ ব্যাংকে এক লাখ টাকা জমা দিয়ে পে-অর্ডার নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা তা করেননি।ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, মাটি কাটার কাজ বন্ধে স্বপন ও মজিবরের বিরুদ্ধে পাউবো মামলা করেছে। কিন্তু তারপরও ওই ব্যক্তিরা মাটি কাটার কাজ অব্যাহত রেখেছেন।