শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে পথে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পঞ্চগড় পৌরসভা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পঞ্চগড় পৌরসভার মেয়র, কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা মিলে ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। আজ শনিবার সকালে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

গতকাল শুক্রবার শহরের শেরেবাংলা পার্ক থেকে শুরু করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের আশপাশের বাড়িঘর, অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলররা হলুদ অ্যাপ্রোন পরে ঝাড়ু হাতে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পেছনে ছিল পৌরসভার ট্রাক। সঙ্গে ছিল শোভাযাত্রা। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ফেস্টুন। ফেস্টুনে ছিল ‘আবর্জনা ফেলনা নয়, প্রক্রিয়া করলে সার হয়’, ‘আবর্জনা সংগ্রহ অপসারণে পৌরসভার সহায়তা নিন, নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলুন’, ‘এই শহর আপনার, তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আপনার’—এমন স্লোগান।

শহরের ব্যবসায়ী নাসিরুল কাদের বলেন, পৌরসভার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। শহর পরিচ্ছন্ন রাখতে এবং নাগরিকদের সচেতন করতে এমন উদ্যোগ অব্যাহত রাখা দরকার।

ইসলামবাগ এলাকার আবদুল্লাহ আল মামুন বলেন, পৌরসভার যেমন কর্তব্য আছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব আছে। পৌরসভা তাদের দায়িত্ব পালন করছে, নাগরিকদেরও কর্তব্য পালন করতে হবে। তাহলে কেবল পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, পঞ্চগড় পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি। এখন থেকে প্রতি মাসে এক দিন এমন কর্মসূচি পরিচালনা করা হবে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পৌরবাসীকে সচেতন করতে এমন কর্মসূচি নেওয়া হয়েছে।