শহরজুড়ে ঈদমেলা

বাঁশ, ত্রিপল, পলিথিন দিয়ে মাঠের চারপাশে বানানো হয়েছে সারি সারি দোকান। হাল ফ্যাশনের পোশাক-আশাকসহ হরেক রকম সামগ্রী সাজিয়ে দোকানদারেরা বসে আছেন। অনেকটা গ্রামীণ মেলার আবহ সৃষ্টি হয়েছে। নগরের মার্কেটগুলোতে এখন যেমন ঈদের কেনাকাটা দিনে দিনে বাড়ছে, তেমনি বিভিন্ন জায়গায় ঈদ সামনে রেখে বসছে ঈদমেলা।
সিদ্ধেশ্বরী, খিলগাঁও, শনির আখড়া, শ্যামলী, বেইলি রোড, কারওয়ান বাজারসহ নানা জায়গায় বসেছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা। এসব মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ, ছোটদের পোশাক পাওয়া যাচ্ছে। মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।
পয়লা রমজান থেকে এসব মেলা শুরু হলেও এখনো তেমন জমে ওঠেনি। গতকাল বৃহস্পতিবার শ্যামলীর মেলা ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছেন। কয়েকজন ক্রেতা ঘুরেফিরে দেখছিলেন। তাঁত ও বস্ত্রমেলা নাম হলেও পাওয়া যাচ্ছে প্রসাধনী, ব্যাগ, জুতা—সবকিছুই।
ব্যবসায়ীরা আশা করছেন, আজ শুক্রবার সারা মাসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হবে। শ্যামলী ক্লাব মাঠে মেলার আয়োজন করেছে শ্যামলী ক্লাব। আয়োজকেরা বলেন, মেলায় শতাধিক দোকান। এ ছাড়া আছে মিনি শিশুপার্ক।
খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে বসেছে মাসব্যাপী মেলা। মেলার দোকানদার আফতাব আহমেদ বলেন, মেলার একটা উল্লেখযোগ্য দিক হলো পোশাকের বৈচিত্র্য। কোনো বিক্রেতা আসেন টাঙ্গাইল থেকে, কেউ কুষ্টিয়া থেকে। ফলে মেলায় অনেক জায়গার জিনিস পাওয়া যায়।
সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুলের মাঠে প্রথম রোজা থেকে এক মাসের জন্য বসেছে ঈদমেলা। মালিবাগ থেকে মেলায় আসা রোকসানা বিনতে আলম বলেন, শপিং মল থেকে কেনাকাটা করলেও কিছু কেনাকাটা মেলা থেকে করেন। বাসার কাছে বলে যাতায়াতে সুবিধা। মেলায় কেনাকাটায় খরচ তুলনামূলক কম।
পাকিস্তান ও ভারতের বিভিন্ন পোশাকের পাশাপাশি মেলায় দেশীয় তাঁতসহ সব রকমের পোশাকের চাহিদা আছে। এসব মেলায় সালোয়ার-কামিজের দাম পড়বে ৬০০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। সুতি, তাঁত, জামদানি শাড়ি পাওয়া যাবে ৫৫০ থেকে ৭ হাজার টাকার মধ্যে।
কারওয়ান বাজারে বসেছে তাঁতবস্ত্র মেলা। এখানে রয়েছে রূপগঞ্জের জামদানি, মিরপুরের কাতান-বেনারসি, রাজশাহী, টাঙ্গাইল ও পাবনার সিল্ক, হাফসিল ও সুতি শাড়ির সম্ভার। শনির আখড়ার বাঁশপট্টি এলাকায় দনিয়া কলেজ মাঠেও আয়োজন করা হয়েছে ঈদমেলা। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় রাজধানীর বিভিন্ন পোশাকের শোরুম থেকে দাম কিছুটা কম রাখেন মেলার দোকানদারেরা। মেলায় অংশ নেওয়া বেশির ভাগ বিক্রেতার কোনো শোরুম নেই বলে জানা যায়।