শহরটাই যেন আস্তাকুঁড় দুর্গন্ধে চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি জোড়া পুকুরপাড় এলাকার শিক্ষক তারক কান্তি শর্মা বাসা থেকে মুখে রুমাল চেপে বের হন। শিক্ষকতা শেষে তাঁকে একইভাবে বাসায় ঢুকতে হয়। তাঁর বাসার সামনের ডাস্টবিন থেকে ময়লা-আবর্জনা উপচে পড়ে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই তাঁকে এভাবে বাসা থেকে আসা-যাওয়া করতে হয়। শুধু তারক কান্তির নয়, জেলা শহরের বিভিন্ন এলাকার মানুষের একই অবস্থা।কিশোরগঞ্জ পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভায় এ অবস্থা চলছে কয়েক বছর ধরে। পৌরসভার পাঁচটি ময়লাবাহী গাড়ির (গারভেজ ট্রাক) তিনটিই এক বছর ধরে নষ্ট। বাকি দুটি দিয়ে জোড়াতালির কাজ চলছে। এ ছাড়া শহরের হাতেগোনা কয়েকটি ডাস্টবিন থাকায় এগুলো সহজেই ভরে যাচ্ছে। এতে করে ডাস্টবিনের বাইরে আবর্জনা পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।জানা গেছে, ময়লাবাহী ট্রাক নষ্ট থাকায় পৌর কর্তৃপক্ষের পক্ষে প্রতিদিন ময়লা-আবর্জনা তুলে নেওয়া সম্ভব হচ্ছে না। গাড়িস্বল্পতার কারণে গড়ে প্রতি সপ্তাহে এক এলাকায় এক দিন করে আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়। এতে শহরের অধিকাংশ এলাকায় আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।সরেজমিনে শহরের শোলাকিয়া, চরশোলাকিয়া, পুরানথানা, বত্রিশ, নিউটাউন, হারুয়া, গাইটাল, উকিলপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে, প্রয়োজনীয় ডাস্টবিন না থাকায় এসব এলাকার শতাধিক স্থানে বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলা রাখা হয়েছে। আগে প্রতিদিন এসব ময়লা পৌরসভার ময়লাবাহী ট্রাক নিয়ে যেত।কিশোরগঞ্জ এস ভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম ৭েশ্রণীর ছাত্রী সুমাইয়া আফরোজ ও অষ্টম শ্রেণীর ছাত্রী সৈয়দা তাহরিমা জানায়, তাদের বিদ্যালয়ের সামনে ডাস্টবিন না থাকায় আশপাশের বাসিন্দারা রাস্তার ওপর ময়লা-আবর্জনা ফেলে রাখায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে দিয়ে প্রতিদিন তাদের বিদ্যালয়ে যেতে হচ্ছে।পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক শরীফ সাদী বলেন, ‘পৌর কর্তৃপক্ষ শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারের যথাযথ ব্যবস্থা না নেওয়ায় শহরজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে নাগরিক জীবন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান চাই।’ চিকিৎসক আ ন ম নৌশাদ খান জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকলে বায়ুবাহিত অসুখ-বিসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম জানান, পাঁচটি ময়লাবাহী ট্রাকের মধ্যে তিনটিই নষ্ট। দুটি জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন গাড়ি কেনার অনুমতি পাওয়া গেছে। কিছুদিনের মধ্যে অবস্থার উন্নতি হবে।