যুবলীগের কর্মী শাহরিয়ার অর্ণব খুন হলেন নিজের বাড়ির সামনে, নিজেরই ব্যবসাপ্রতিষ্ঠান নার্গিস এন্টারপ্রাইজের কার্যালয়ে। তখন সন্ধ্যা ছয়টা। তারিখটা গত ১২ মার্চ।
যশোর শহরের ব্যস্ততম এলাকা সিভিলকোর্ট মোড়ের কাছে পোস্ট অফিসের সামনের ওই এলাকায় তখন অনেক মানুষের চলাচল। তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল এসে দাঁড়ায় অর্ণবের অফিসের সামনে। দুজন নেমে ভেতরে ঢোকেন। তৃতীয়জন মোটরসাইকেল চালু রেখে অপেক্ষায় থাকেন। একটি গুলির শব্দ হয়। ওই দুজন বেরিয়ে আসেন এবং মোটরসাইকেলটি দ্রুত এলাকা ছাড়ে।
অর্ণবের বাবা এ জেড এম ফিরোজ পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এ বর্ণনা শুনেছেন। খবর পেয়ে তিনিই গিয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাহত ছেলেকে হাসপাতালে নেন। অল্প পরে চিকিৎসকেরা অর্ণবকে মৃত ঘোষণা করেন।
এ জেড এম ফিরোজ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি ও সরকারি অভিযোক্তা (পিপি)। অর্ণবের দাদা প্রয়াত রওশন আলী ছিলেন যশোর সদরের দুবার নির্বাচিত সাংসদ এবং আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি। অর্ণব নিজেও একসময় ছাত্রলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক ছিলেন। পরে তিনি যুবলীগে যোগ দেন। কিন্তু ধারণা করা হয়, মাদকাসক্তির কারণে সেখানে তিনি বড় নেতৃত্বে যেতে পারেননি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে অর্ণব কাস্টমসে আটক পণ্যের নিলামের ব্যবসায় যুক্ত হন। প্রথমে ধারণা করা হয়েছিল, এই ব্যবসার জেরে অর্ণবকে খুন করা হয়। পুলিশ পরে যশোর শহরে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত দুজনকে মামলার আসামি করে। তাঁদের একজন শঙ্করপুরের কাজী তারেক হোসেন, অন্যজন ষষ্ঠীতলার হাফিজুর রহমান ওরফে মরা। মরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়ে বলেছেন, অর্ণবের কাছ থেকে মাদক বিক্রির ৩৫ হাজার টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি এ হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন। মরা এখন কারাগারে, তারেক পলাতক।
এ জেড এম ফিরোজ তাঁর ছেলের মাদকাসক্তির কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অর্ণব মাদক ছেড়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তাই হয়তো মাদক ব্যবসায়ী মরা পাওনা টাকা আদায়ে মরিয়া হয়ে উঠেছিলেন। এই বাবা মনে করেন, যশোর শহরকে সন্ত্রাসমুক্ত করতে হলে মাদকের ছড়াছড়ি বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘শহরের ১০০ জন মানুষকে জিজ্ঞেস করে দেখুন, ১০০ জনই বলবেন, মাদকই শহরের প্রধান সমস্যা।’
একটি চকিত জরিপ: ‘যশোর শহরের প্রধান সমস্যা কী’ জানতে চাওয়া হলে ৯০ জন উত্তরে বলেছেন, ‘মাদক।’ অবশ্য বাকি যে ১০ জন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা বলেছেন, তাঁরাও আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির কারণ হিসেবে মাদকের সহজপ্রাপ্তির কথা উল্লেখ করেছেন। চকিত জরিপে যে ১০০ জনের সঙ্গে কথা হয়, তাঁদের মধ্যে রাজনীতিবিদ, প্রশাসনের কর্তাব্যক্তি, সংস্কৃতিকর্মী, গৃহিণী, বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন।
মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, শহরে ইদানীং বড় ধরনের রাজনৈতিক সহিংসতা ও হানাহানির ঘটনা তেমন নেই। তবু ভালো নেই শহরের মানুষ। এর প্রধান কারণ মাদক ব্যবসা ও মাদকাসক্তি। রাইটস যশোর জেলার অপরাধ পরিস্থিতির ওপর নজর রাখে। তাদের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যশোরে ৬২টি খুনের ঘটনা ঘটেছে এবং এগুলোর বেশির ভাগের সঙ্গেই মাদকাসক্তি বা মাদক ব্যবসার সংশ্লিষ্টতা রয়েছে।
রাজনীতিকদের পরস্পরকে দোষারোপ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, ইদানীং যশোর শহরে ছিনতাই ও ডাকাতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। খুন ও গুমের মতো ঘটনা ঘটছে, বাড়ছে সামাজিক অস্থিরতা। তিনি এসবের জন্য মাদকের সহজলভ্যতাকে দায়ী করছেন। আর তাঁর মতে, এ মাদকবাণিজ্য চলছে সরকারি দলের কতিপয় শীর্ষ নেতার আশ্রয়-প্রশ্রয়ে।
আওয়ামী লীগের সাংসদ খালেদুর রহমান টিটো এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারও মাদককে যশোরের একটি প্রধান সমস্যা বলে মনে করেন। তবে তরিকুলের সরকারি দলের দিকে আঙুল তোলাকে তাঁরা রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা বলে উড়িয়ে দেন।
খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, সীমান্তবর্তী শহর হওয়ায় এখানে মাদকের সমস্যাটা একটু বেশি। কিন্তু মাদক পুরো দেশে বিস্তৃত একটি সমস্যা এবং এর সমাধানও বিচ্ছিন্ন কোনো প্রচেষ্টায় মেলার নয়।
শাহীন চাকলাদার বলেন, মাদক ব্যবসায়ীরা সব সময়ই সরকারি দলের আশ্রয় পাওয়ার চেষ্টা করে। বিগত বিএনপি সরকারের আমলে যশোরে যারা মাদক ব্যবসায় জড়িত ছিল, তারা এই আমলে আওয়ামী লীগে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। তবে আওয়ামী লীগে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের স্থান নেই।
l আগামীকাল পড়ুন: রাজনীতিবিদদের ঠিকাদারি, ঠিকাদারেরা রাজনীতিবিদ