শহরতলিতে তীব্র লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার শাহপরান গেট, খাদিমপাড়া, বাহুবল, মেজরটিলা, নোয়াগাঁও, দাসপাড়াসহ অন্তত ১৫টি এলাকার প্রায় অর্ধলাখ মানুষ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ। এলাকাবাসীর অভিযোগ, দিনে-রাতে কমপক্ষে ১০ থেকে ১২ বার লোডশেডিং হচ্ছে। এতে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে। শাহপরান গেট এলাকার প্রীতম মেডিকেয়ারের স্বত্বাধিকারী প্রদীপ চন্দ্র নাথ বলেন, ‘দিনে-রাতে সমানতালে বিদ্যুৎ যায়-আসে। কখনো আধাঘণ্টা আবার কখনো টানা এক থেকে দেড় ঘণ্টা লোডশেডিং চলে। এ অবস্থায় আমাদের ভোগান্তির শেষ নেই।’ তাঁর ধারণা, শাহপরান গেট, খাদিমপাড়া, বাহুবল, মেজরটিলা এলাকাগুলো মূল শহরের বাইরে বলে লোডশেডিং বেশি। প্রদীপ বলেন, ‘সিলেট শহরে একটু বিদ্যুৎ গেলেই নগরবাসী বিদ্যুৎ অফিসে গিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানান। কিন্তু শহরতলির মানুষ তা করতে পারে না। তাই এসব এলাকায় লোডশেডিং বেশি।’একই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী এনামুল মিয়া ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘সরকার যে বলে বিদ্যুৎ উৎপাদন কইরা দেশ ভরাইয়া ফালাইছে, এখন এত বিদ্যুৎ গেল কই?’ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ঐন্দ্রিলা নাথ বলে, ‘সন্ধ্যার সময় পত্তিদিন কারেন্ট চলি যায়! মোমবাতি জ্বালাইায়া পড়ি।’ ওই শিক্ষার্থীর অভিভাবক বাহুবল এলাকার বাসিন্দা দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী নাথ বলেন, ‘সন্ধ্যার পর বিদ্যুৎ প্রায় থাকে না বললেই চলে। এতে করে ঘরের কাজ থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা পর্যন্ত লাটে ওঠে।’ মেজরটিলা এলাকার বাসিন্দা রহিমুদ্দিন বলেন, ‘চলতি গরমের মৌসুমের শুরু থেকে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। কই, গত বছর তো এমন সমস্যা তেমন ছিল না? ই-বার ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমার বাসার ফ্রিজ ও টিভি দুটোই একাধিকবার নষ্ট হয়েছে।’ দাসপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী আকমল হোসেন বলেন, ‘দিনের বেলা জেনারেটর দিয়ে কোনোমতে নিজের দোকান চালাচ্ছি। এ ছাড়া মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে গরমে অতিষ্ঠ হয়ে পড়ছি। এ অবস্থা থেকে কি আমাদের কোনো উত্তরণ নেই?’ একই এলাকার বাসিন্দা শাহীন মিয়া বলেন, ‘ঝড়-বৃষ্টি হলে কথা ছিল, আকাশে সামান্য একটু মেঘ দেখা দিলেই বিদ্যুৎ চলে যায়।’ সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঠিক লোডশেডিং বলতে যা বোঝায় আসলে তা না। ঝড়-বৃষ্টি হলে কিংবা আবহাওয়া খারাপের আভাস পেলে বিদ্যুৎ প্রদান সাময়িকভাবে বন্ধ থাকে।’