
শহরবাসীর স্বস্তি ও শান্তির নিশ্বাস ফিরিয়ে দিতে ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী হাজি মো. সাইফুদ্দিন আহম্মেদ।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিজয়নগরের টেপা প্লাজার মিলনায়তনে ‘যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই’-স্লোগানে এ ইশতেহার ঘোষণা করেন সাইফুদ্দিন।
সাইফুদ্দিন আহম্মেদ বলেন, ‘আজকের ঢাকা এক দুর্ভোগের নগরী। অসহনীয় যানজটের নাকাল নগরবাসী। ময়লা-আবর্জনায় পরিপূর্ণ রয়েছে শহরের রাস্তাঘাট। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট লেগেই রয়েছে। তাই শহরবাসীর স্বস্তি ও শান্তির নিশ্বাস ফিরিয়ে দিতেই এ নির্বাচনে অংশগ্রহণ করা৷’
সাইফুদ্দিন আহম্মেদ বলেন, ‘পুরান ঢাকার লালবাগে জন্ম হওয়ায় এই এলাকার জন্য সবচেয়ে বেশি মায়া-ভালোবাসা আমারই রয়েছে। তাই আমি নির্বাচিত হলে রাজধানীর উন্নয়ন ও নগরবাসীর শান্তি-স্বস্তি-সুবিধা এবং কল্যাণে কাজ করব।’
দুর্নীতির বিষয়ে সাইফুদ্দিন বলেন, ‘একটি প্রতিষ্ঠানের প্রধান যদি সৎ থাকেন, সেখানে দুর্নীতি হয় না।’