শহরবাসীর স্বাস্থ্যসেবা উপেক্ষিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি। আর ৩২৪ পৌরসভায় চিকিৎসকের সংখ্যা এখন ১৬। গতকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এলজিইডি মিলনায়তনে আয়োজিত একটি নীতি সংলাপে দেশের বিভিন্ন পৌরসভা থেকে আসা মেয়র ও কাউন্সিলররা বলেছেন, তাঁদের অগ্রাধিকারের তালিকায় রাস্তাঘাট আসে সবার আগে। স্বাস্থ্যসেবার বিষয়টি কম গুরুত্ব পায়।
‘বাংলাদেশে শহরসমূহে স্বাস্থ্যসূচক উন্নতিতে পৌরসভার করণীয়’ শীর্ষক নীতি সংলাপটির আয়োজক ছিল বেসরকারি সংস্থা পিপিআরসি ও ওয়াটারএইড। সাড়ে তিন ঘণ্টা ধরে চলা সংলাপে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাবের বিষয়টি উঠে আসে। অংশগ্রহণকারীরা বলেন, শহরাঞ্চলে স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও লোকবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
মেয়র ও কাউন্সিলররা বলেন, পৌরসভায় যথেষ্ট সংখ্যক চিকিৎসক নেই। যাঁরা আসেন, তাঁরাও থাকতে চান না। বিভিন্ন প্রকল্পের নামে যে টাকা আসছে, সেগুলো কোন কোন খাতে ব্যয় করতে হবে, সে ব্যাপারে পৌরসভা সিদ্ধান্ত নিতে পারে না। সুপেয় পানি বা পয়োব্যবস্থার উন্নয়নের জন্য টাকার প্রয়োজন। বিল বাড়ালেই গ্রাহকেরা বলেন, ‘মেয়রের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।
সংলাপে অংশগ্রহণকারী মাধবদী পৌরসভার চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, পৌরসভার বেতন অনিয়মিত। উচ্চশিক্ষা নেওয়ার কোনো সুযোগ চিকিৎসকেরা পান না। তাই চিকিৎসকেরা পৌরসভায় কাজ করতে আগ্রহী হন না।
নীতি সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক স্বাস্থ্যসচিব নাসির উদ্দিন।
আয়োজক প্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে একটি দোলাচল আছে, অস্পষ্টতা আছে। এই দায়িত্ব সুস্পষ্টভাবে বণ্টন হওয়া দরকার।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, পৌরসভা বিশুদ্ধ পানি ও টেকসই পয়োনালার ব্যবস্থা করতে পারে। এ ছাড়া বাস, বাজার, পার্ককে ধূমপানমুক্ত করারও উদ্যোগ নিতে পারে। তবে রোগ সারানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের ক্ষমতা পৌরসভার ওপর ছেড়ে দেওয়া দরকার।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ বুশরা আলম জানান, ৭০ শতাংশ পৌরসভার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। পৌরসভার মেয়ররা যদি হাসপাতালের কাজে নিজেদের সম্পৃক্ত করেন, তাহলে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে।
ওয়াটারএইডের এদেশীয় পরিচালক খায়রুল আলম বলেন, একেক অঞ্চলের পৌরসভার একেক রকম সমস্যা। যেমন নরসিংদীসহ শিল্পাঞ্চলগুলোয় পানি এত বেশি দূষিত হয়ে পড়েছে যে শোধনাগার আর পানি পরিষ্কার করতে পারছে না। তাই সমস্যা অনুযায়ী সমাধানের উদ্যোগ নেওয়া দরকার।
আলোচনার টেবিলে সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভালো শৌচাগার, ভালো বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা সবাই স্বীকার করেন। সাবেক সচিব ধীরাজ কুমার নাথ পৌরসভার আয় বাড়াতে বিভিন্ন সেবা খাত থেকে যে ভ্যাট আসে, তার একটি অংশ পৌরসভাকে দেওয়া দরকার বলে মত দেন।