
সোয়া শ বছরের বেশি পুরোনো টাঙ্গাইল পৌরসভায় গত ১৫ বছরে রাস্তাঘাট, পয়োনিষ্কাশনব্যবস্থাসহ নাগরিক সুবিধা তেমন বাড়েনি। তার চেয়ে মার্কেট ও দোকান নির্মাণে বেশি মনোযোগী হয়েছেন দায়িত্ব পালনকারী ব্যক্তিরা। পৌরসভার মালিকানাধীন ৯১০টি দোকান রয়েছে, যার ৮০ শতাংশই গত ১৫ বছরে নির্মিত। খাল-নালা-ফুটপাতে দোকান বানিয়ে টাঙ্গাইলকে ‘দোকানের শহর’-এ পরিণত করেছে পৌরসভা কর্তৃপক্ষ।
টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৮৮৭ সালের ১ জুলাই। ‘ক’ শ্রেণির এই পৌরসভার আয়তন ২৯ দশমিক ৪৩ বর্গকিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ১ লাখ ৬৭ হাজার।
১৯৯৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দুই দফায় মেয়র ছিলেন এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জামিলুর রহমান। তিনি প্রথমবার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচিত হন। আর ২০০৪ সালে তিনি কৃষক-শ্রমিক-জনতা লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। ২০১১ সালের নির্বাচনে পরাজিত হন জামিলুর। জয়ী হন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি)। নিজ দলের এক নেতাকে হত্যার মামলায় অভিযুক্ত হয়ে গত বছর থেকে তিনি আত্মগোপনে। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে রয়েছেন প্যানেল মেয়র মানবেন্দ্র পাল।
পৌরবাসীর অভিযোগ, যাঁরাই দায়িত্ব পালন করেছেন, কেউই নাগরিক সুবিধা সৃষ্টির দিকে মন দেননি। পৌরসভার উন্নয়নের কোনো মহাপরিকল্পনা তৈরি হয়নি। নাগরিক সুযোগ-সুবিধা না বাড়ায় পৌরবাসীর ক্ষোভ বেড়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৮০০ দোকান নির্মাণ করেছে পৌরসভা। ভিক্টোরিয়া সড়কে প্রধান নালার ওপর অপরিকল্পিতভাবে করা হয়েছে মার্কেট। এ ছাড়া স্ট্যান্ড সড়ক, ভিক্টোরিয়া খালের বিপরীত দিক, বেবিস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে দোকান নির্মাণ করা হয়েছে। কোনো কোনো মার্কেটের শৌচাগার ভেঙে দোকান হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দোকান থেকে মোটা অঙ্কের টাকা উৎকোচ পাওয়া যায়। নামে-বেনামে দোকান নিয়ে উচ্চমূল্যে বিক্রি করে লাভবান হওয়াও যায়। তাই নাগরিক সুবিধা বাড়ানোর চেয়ে দোকান নির্মাণেই পৌর কর্তৃপক্ষের আগ্রহ বেশি।
সুশাসনের জন্য নাগরিক সুজনের টাঙ্গাইল শাখার সহসভাপতি বাদল মাহমুদ বলেন, ‘পৌরসভা নাগরিক সুযোগ-সুবিধা সৃষ্টি করতে তেমন কাজ করেনি। তারা বেশি মনোযোগী ছিল দোকান তৈরিতে। যত্রতত্র দোকান তৈরি করে তারা টাঙ্গাইলকে দোকানের শহরে পরিণত করেছে।’
ভাঙাচোরা রাস্তাঘাট: শহরে মোট পাকা রাস্তা আছে ১৭৪ দশমিক ৩২ কিলোমিটার। আধা পাকা রাস্তা আছে ১৩ দশমিক ৫৩ কিলোমিটার। কাচা রাস্তা ১২১ দশমিক ২৮ কিলোমিটার। দীর্ঘদিন মেরামত না থাকায় পাকা সড়কগুলোর ৯০ শতাংশই ভাঙাচোরা। শহরের সাবালিয়া, থানাপাড়া, আদালতপাড়া, আকুরটাকুর, কাগমারা, সন্তোষ, পালপাড়া, বেতকাসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। সব রাস্তা খানাখন্দে ভরা; কোনো কোনোটিতে কার্পেটিংয়ের অস্তিত্বই নেই।
সন্তোষ এলাকার বাসিন্দা আল মামুন বলেন, পৌর কর্তৃপক্ষ যে আছে, তা রাস্তাঘাট দেখে মনে হয় না।
পয়োনিষ্কাশনব্যবস্থা বেহাল: পৌরসভার হিসাব অনুযায়ী, ৪৯ দশমিক ২ কিলোমিটার পাকা এবং ২৪ দশমিক ৮৩ কিলোমিটার কাঁচা নালা রয়েছে, যার অধিকাংশের অবস্থাই বেহাল। শহরের ভিক্টোরিয়া সড়কে প্রধান নালাটির ওপর দোকান বানিয়ে পৌরসভা নিজেই এর মৃত্যুঘণ্টা বাজিয়েছে। সামান্য বৃষ্টিতেই জেলা সদর সড়ক, ভিক্টোরিয়া সড়ক, রেজিস্ট্রিপাড়া সড়ক, আমঘাট সড়ক, বাজিতপুর সড়ক ও দেলদুয়ার সড়ক পানিতে ডুবে যায়। আদালতপাড়া, থানাপাড়া, সাবালিয়া, আকুরটাকুরসহ বিভিন্ন এলাকার অনেক রাস্তাঘাট বছরে তিন মাস পানির নিচে থাকে।
দুর্গন্ধে একাকার: সোয়া শ বছরেও ময়লা-আবর্জনা ফেলার জায়গা নির্ধারিত হয়নি। উত্তর দিকে পৌর এলাকার প্রবেশপথ শহর বাইপাসের রাবনা মোড়, পূর্বদিকে শহর বাইপাসের নগরজলফৈ মোড় এবং দক্ষিণ দিকে কাগমারী সেতু এলাকায় ময়লা ফেলা হয়। দুর্গন্ধের কারণে মানুষকে নাকে রুমাল চেপে এসব এলাকা দিয়ে চলতে হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) টাঙ্গাইল অঞ্চলের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, যত্রতত্র আবর্জনা ফেলে পৌরসভা পরিবেশ দূষণ করছে। তারা নাগরিকদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মানবেন্দ্র পাল বললেন, পৌরসভা শহরতলির গালা এলাকায় ময়লার ভাগাড় তৈরির উদ্যোগ নিয়েছিল। কিন্তু এলাকাবাসীর বিরোধিতার মুখে তা বাস্তবায়ন করা যায়নি।
দুই মেয়র পদপ্রার্থী যা বললেন: সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জামিলুর রহমান বলেন, ‘নির্বাচিত হলে পৌরসভার সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেব। সেই সঙ্গে উন্নয়নের পরিকল্পনা তৈরি করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’
বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু বলেন, ‘নাগরিক সমাজের মতামত নিয়ে পরিকল্পিত শহর গড়ে তুলব। পৌরসভাকে বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করব।’