শহরমুখী মানুষের চাপ সামলাতে নগরায়ণ নীতিমালা করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক-সুবিধা বাড়ানোর মাধ্যমে শহরমুখী মানুষের চাপ সামলাতে শিগগিরই ‘জাতীয় নগরায়ণ নীতিমালা’ করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল শনিবার বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) সারা দেশের সিটি করপোরেশন ও পৌরসভার দেড় শতাধিক মেয়রকে নিয়ে এ সেমিনারের আয়োজন করে। ‘স্বনির্ভর পৌরসভা: পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল’ শীর্ষক ওই সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৪০ বছরের মধ্যে দেশের অধিকাংশ মানুষ নগরে বাস করবে। তাই নগরের আধুনিকায়ন ও নাগরিক-সুবিধা বাড়ানোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও পরিকল্পনার দরকার। শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পরিকল্পনা করতে হবে।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, রংপুর ও গাজীপুর সিটি করপোরেশনকে গড়ে তোলা হবে ‘সিটি গভর্নমেন্ট’-এর আদলে। ক্রমান্বয়ে সারা দেশের ১৯টি বড় জেলা শহরকেও সিটি করপোরেশনে রূপান্তরের পরিকল্পনা সরকারের আছে।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আজমত উল্লা খান এবং বিএমডিএফের কর্মসূচি ব্যবস্থাপক হারুন অর রশিদ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন ও বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক কে এম নুরুল হুদা।