পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরবিক্রম বলেছেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ৭৪ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে কঠিন শিলা নিক্ষেপের কাজ চলছে। আগামী ৩০ মের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা। কাজ শেষ না হলে নদীতে পানি বেড়ে সার্বিক পরিস্থিতির অবনতি হবে। ঠিকাদারকে সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এ ক্ষেত্রে কোনো গড়িমসি বরদাশত করা হবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, টাক্সফোর্সের কর্মকর্তারা এ প্রকল্পটি দেখাশোনা করছেন। অথচ ঠিকাদারের লোকেরা একাধিকবার টাক্সফোর্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করেছেন। এটা কোনোক্রমেই মেনে নেওয়া হবে না।
এ সময় পানি উন্নয়ন বোর্ড পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের (ডিজাইন) প্রধান প্রকৌশলী জ্যোতিদাস কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।