শহররক্ষা বাঁধে আবারও অবৈধ স্থাপনা
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের ১ দশমিক ৭ কিলোমিটার শহররক্ষা বাঁধের জায়গায় নতুন করে বাড়িঘর ও দোকানপাট গড়ে তোলায় বাঁধটি হুমকির মুখে পড়েছে। অথচ বাঁধটি নির্মাণের সময় শহরের পুরোনো ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বসবাস করা পরিবারগুলোকে এক কোটি টাকা খরচ করে পুনর্বাসন করেছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দুটি দাতা সংস্থা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে শহরের বিপিন পার্ক থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পর্যন্ত ১ দশমিক ৭ কিলোমিটার শহররক্ষা বাঁধ নির্মাণ করা হয় ২০০৮-০৯ সালে। নির্মাণের পর থেকেই কিছু মানুষ বাঁধ ঘিরে বসতি ও দোকানপাট গড়ে তোলে। এর পর থেকেই বাঁধটি হুমকির মুখে পড়ে। যদিও পাউবো ২০০৮-০৯ ও ২০০৯-১০ সালে দুই দফায় ৬৭৫টি পরিবারকে উদ্বাস্তু চিহ্নিত করে তাঁদের পুনর্বাসনের জন্য এক কোটি এক লাখ ৬৫ হাজার টাকা খরচ করে।সম্প্রতি সরেজমিনে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপিন পার্ক, থানা ঘাট ও কালীবাড়ি ঘাটকে ঘিরে প্রায় ২০০ বসতঘর ও দোকানপাট গড়ে উঠেছে। বাঁধের ওপর যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এ সময় কয়েকজন দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঁধকে ঘিরে গড়ে ওঠা এসব বসতিতেও রয়েছে ক্ষমতার দাপট। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে অনেকে চার-পাঁচটি ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে রেখেছেন।বাঁধ ঘেঁষে বসবাসকারী কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, টাকা দেওয়ার সময় পাউবো বলেছিল, শুধু বাঁধের নির্মাণকাজ চলার সময় তাঁদের অন্যত্র সরে যেতে হবে। অবশ্য পাউবো এ অভিযোগ অস্বীকার করে বলে, স্থায়ীভাবে অন্যত্র গিয়ে বসবাস করার কথা বলেই তাঁদের টাকা দেওয়া হয়েছিল।পাউবো জানায়, বাঁধটি অবৈধ দখলমুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বাঁধ থেকে বসতি সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের বোঝানো হচ্ছে। বেশ কয়েকবার মাইকিং করে সরে যেতে অনুরোধও করা হয়েছে। তার পরও কাজ হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বসবাসকারীরা এখানে স্থায়ীভাবে থাকার সুযোগ নিতে রাজনৈতিক প্রভাব খাটায়। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদের সঙ্গে কথা হয়েছে। সাংসদ মতিউর রহমান অবৈধ দখলদারদের নামের তালিকা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ১৭১টি পরিবারের নাম তালিকাভুক্ত করা হয়েছে।বাঁধটি দখল হয়ে যাওয়া ও ময়লা-আবর্জনায় ভরে যাওয়ায় সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। বিকেলে নদীর তীরে হাঁটতে আসা মানুষজন নির্বিঘ্নে হাঁটতে পারেন না। এ ছাড়া ময়লা-আবর্জনা প্রতিনিয়তই দুর্গন্ধ ছড়ায়। আবদুল হামিদ নামের অবসরপ্রাপ্ত এক সরকারি চাকরিজীবী বলেন, অবৈধ দখলদারের জন্য প্রতিদিন বিকেলে হাঁটতে এসে বিড়ম্বনা পোহাতে হয়।পাউবো ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, যাঁরা আবার বাঁধে অবস্থান নিয়েছেন, তাঁদের অবৈধ দখল ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। মাইকিং করা হয়েছে। আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।