শহরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে নাকাল পৌরবাসী

ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের উল্লেখযোগ্য মোড়, খাল, সড়কের নালাগুলোতে আবর্জনার স্তূপ পড়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে আবর্জনা সংগ্রহ করে পৌরসভার খালগুলোতে ফেলছেন। ফলে এসব খাল হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বেড়েছে মশা-মাছির চরম উপদ্রব।
শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় আটটি খাল ছিল একসময় ঝালকাঠির প্রাণ। সে সময় ব্যবসায়ীরা এসব খাল দিয়ে নৌকায় মালামাল আনা-নেওয়া করতেন।
শহরের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে সরেজমিনে দেখা যায়, আড়তদারপট্টির হরিসভার মোড়, আজাদ ভান্ডারের মোড়, আমতলা রোড, বাঁশপট্টি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ফটক, মাছবাজারসংলগ্ন খাল, চাঁদকাঠি জালিয়াপাড়া খাল, বাঁশপট্টি খাল, কুমারপট্টি খাল ময়লা-আবর্জনার স্তূপে একাকার। এসব খালের বেশির ভাগ আবর্জনায় ভরে যাওয়ায় এখন আবর্জনা ফেলা হচ্ছে সুগন্ধা নদীতে।
শহরের কোথাও ময়লা ফেলার সুনির্দিষ্ট স্থান ও ডাস্টবিন না থাকায় পৌরবাসী পলিথিনে ভরে সড়কেই ফেলে রাখছেন আবর্জনা। ব্যবসাপ্রতিষ্ঠানের আবর্জনা ফেলা হচ্ছে পাশের নালাগুলোতে। বেশির ভাগ নালার কোনো ঢাকনা নেই। প্রতিবছরের মতো এবারও বর্ষায় পৌরবাসী শহরে জলাবদ্ধতার আশঙ্কা করছেন। গত ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বাঁশপট্টি সড়কের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বয়ে গেছে বাঁশপট্টি খাল। বিদ্যালয়ের ফটকের পাশেই রয়েছে একটি ডাস্টবিন। এলাকাবাসী বাসাবাড়ির আবর্জনা ফেলে খালটি প্রায় ভরে ফেলেছেন। ময়লা উপচে পড়ছে সড়কে। আবর্জনার দুর্গন্ধে বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের প্রাইমারি শাখার প্রধান শিক্ষক মাহবুবা বেগম বলেন, বিদ্যালয়ের প্রায় ৬০০ ছাত্রছাত্রী চরম স্বাস্থ্যঝুঁকি নিয়ে ময়লা-আবর্জনার পাশে ক্লাস করছে। পৌর কর্তৃপক্ষের এদিকে দৃষ্টি দেওয়া উচিত।
বিদ্যালয়ের মাধ্যমিক অংশের প্রধান শিক্ষক শামসুল হক বলেন, ‘ক্লাসের পাশেই আবর্জনার স্তূপ। অভিভাবকেরা বারবার অভিযোগ দিচ্ছেন। গত বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে মেয়র সাহেবকে দাওয়াত দিয়ে বিষয়টি অবগত করেছি। কিন্তু কোনো উদ্যোগ নেই।’
পৌরসভার বাসন্ডা খালের ডাকঘাটা দিয়ে ব্যবসায়ীদের মালামাল ওঠানো-নামানো হয়। আবর্জনা ফেলায় ডাকঘাটা এলাকায় খালপাড়ের বেশির ভাগ অংশ ভরে গেছে।
জানতে চাইলে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, ‘ময়লা ফেলার জন্য পৌরসভায় নির্ধারিত স্থান নেই। তাই বাধ্য হয়ে খালে ফেলি।’
ঘাটশ্রমিক বাবুল মিয়া ও হেলাল বলেন, ‘এই খালের পানিতে ময়লা ফেলায় গোসল করতে পারি না। নিষেধ করা সত্ত্বেও খুব সকালে ময়লা ফেলা হয়।’
এ বিষয়ে সাবেক পৌর কমিশনার রুস্তুম আলী চাষি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা ঘরের ময়লা ঘরেই ফেলছেন। শহরের বিভিন্ন এলাকা এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আগামী বর্ষায় এর পরিণতি হবে ভয়াবহ। তবে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি পৌরবাসীকেও ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলার ব্যাপারে সচেতন হওয়া উচিত।
পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কর্মীরা সকালে রাস্তাঘাট পরিষ্কার করে এলেও আটটার মধ্যে বাসাবাড়ির লোকজন রাস্তায় ময়লা-আবর্জনা ফেলে রাখেন। শহরের সীমিত কিছু এলাকার বাসাবাড়ির ময়লা একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সংগ্রহ করা হলেও অধিকাংশ মহল্লার মানুষ এর খরচ বহন করতে আগ্রহী নন।’
পৌরসভার সহকারী প্রকৌশলী শাহাদাৎ শরীফ বলেন, ‘পৌর এলাকায় আটটি খাল রয়েছে। এগুলো ১২ ফুট চওড়া করে রোড কাম ড্রেনের একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি।’
পৌরসভার সচিব সাহিন সুলতানা ২৭ মার্চ প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যে ৫০টি নতুন ডাস্টবিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে। খালগুলো অবৈধ দখলমুক্ত করা ও বর্জ্য অপসারণে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিদ্যালয়ের পাশে আবর্জনার বিষয়টি আগামী মাসিক সভায় তোলা হবে।’
পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, ‘আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌরসভার কোনো ভাগাড় (ডাম্পিং স্পট) নেই। বাসন্ডা ইউনিয়ন পরিষদের কাছে কুলিয়ারি মৌজায় একটি জায়গা দেখেছি। বিষয়টি চূড়ান্ত হলে সেখানে ভাগাড় স্থাপনের প্রকল্প হাতে নেব।’