প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, শহর এলাকায় গৃহহীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় বহুতল ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে এই প্রকল্পের মডেল দাঁড় করানো হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার ৩৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এসব কথা বলেন। বহুতল ভবন প্রসঙ্গে তিনি আরও বলেন, শহর এলাকায় জমি কম থাকার কারণে আশ্রয়ণ প্রকল্পের জন্য বহুতল ভবন হবে। শহরের গৃহহীন মানুষের দৈনিক রোজগার ভালো। তাঁরা প্রতিদিন ১৮৭ টাকা করে সরকারকে দেবেন। এতে একসময় তাঁরা নিজেরাই ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। ২০২১-২২ সালের মধ্যে এই মডেল বাস্তবায়ন হবে।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মুখ্য সচিব বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে শুধু মানুষের জন্য আবাসন নিশ্চিত করলেই হবে না। তাঁরা যেন সেই আবাসনে স্থায়ীভাবে বসবাস করেন, সে জন্য তাঁদের রোজগারের ব্যবস্থা করে সম্পূর্ণ পুনর্বাসন করতে হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করে আশ্রয়ণ প্রকল্পের আওতায় আসার মতো দরিদ্র মানুষকে প্রকাশ্যে নির্বাচন করতে হবে। তা হলে সচ্ছল মানুষেরা এই প্রকল্পের বাড়ি বরাদ্দ পাবেন না।
ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক মো. জহিরুল হক। এ ছাড়া ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।