শহরে কালো পতাকা মিছিল, বর্ধিত বেতন প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বেতন-ফি প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরে কালো পতাকা মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে সাধারণ শিক্ষার্থী তবারক হোসেন, শাহরিন ফেরদৌসী, সুবর্ণা ধর ও রুচি ভট্টাচার্য বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলবে। হামলা-মামলা ও প্রশাসনিক হয়রানি করে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা যাবে না। বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাঁরা উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেন। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত ২৬ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে গত ২ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এদিকে ২ আগস্টের ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে গণশুনানির আয়োজন করেছে। এতে কেউ সাক্ষ্য দিতে যাননি। বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হয়তো কেউ আসেনি। তবে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাব।’