শহরে ক্ষতবিক্ষত সড়ক, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন মেরামত না করায় পাবনা শহরের বেশ কিছু সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই ক্ষতবিক্ষত সড়কের গর্তে পানি ও কাদা জমছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, পাবনা শহরের মাঝখানের আবদুল হামিদ সড়কের দুই পাশের শতাধিক গলি সড়ক রয়েছে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে প্রতিটি সড়কই ব্যস্ত। কিন্তু অধিকাংশ সড়ক ক্ষতবিক্ষত। মধ্য শহরের আওরঙ্গজেব সড়ক, মহিলা কলেজ সড়ক, খেয়াঘাট সড়ক, সোনাপট্টি সড়ক, দিলালপুর সড়ক, রূপকথা সড়ক, প্রেসক্লাব সড়ক ও স্কয়ার সড়কের বিভিন্ন জায়গার পিচ উঠে ক্ষতবিক্ষত হয়ে আছে। অনন্ত বাজার থেকে দ্বীপচর সড়ক, কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাজির হাট সড়ক, সরকারি এডওয়ার্ড কলেজের পাশের রাধানগর রথঘর সড়ক ও পৈলানপুর থেকে স্টেডিয়াম সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে প্রতিটি সড়কের গর্তে পানি জমে তৈরি হয়েছে কাদা। প্রচণ্ড ঝাঁকুনি সহ্য করে এঁকেবেঁকে ছোট ছোট যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যেই চলন্ত যানবাহনের চাকায় গর্তের কাদা ছিটকে যাত্রীদের শরীরে লাগে। সৃষ্টি হচ্ছে তিক্ত পরিবেশ।
শহরের ১০-১২ জন বাসিন্দা জানান, জেলা শহরের অধিকাংশ সড়কই পৌরসভার আওতাভুক্ত। দু-তিন বছর আগে পৌরসভা এসব সড়কের উন্নয়নকাজ করেছিল। বর্তমানে সড়কগুলো আবার ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। সম্প্রতি শহরে যানবাহনের চাপ বাড়ায় দিনে দিনে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। কিন্তু এগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
পৈলিনপুর মহল্লার হুমায়ুন কবির বলেন, পৈলানপুর চারমাথা মোড়টি খুবই গুরুত্বপূর্ণ। চারপাশ থেকে যানবাহন এই মোড় অতিক্রম করে। দীর্ঘদিন ধরে এই মোড় ও স্টেডিয়ামমুখী সড়কটিতে বড় বড় গর্ত হয়ে আছে। গর্তে যানবাহনের চাকা আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। কিন্তু সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
রাধানগর রথঘর মহল্লার প্রশান্ত কুমার বলেন, সরকারি এডওয়ার্ড কলেজের পাশে হওয়ায় মহল্লাটি মেস সমৃদ্ধ। এ সড়ক দিয়ে কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী চলাচল করে। সড়কের গর্তে বৃষ্টির পানি জমে কাদা তৈরি হয়েছে। যানবাহনের চাকায় গর্তের কাদা ছিটকে প্রায়ই শিক্ষার্থীদের পোশাক নষ্ট হচ্ছে।
শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চালক আনোয়ার হোসেন বলেন, ‘মেইন রোডে থাকলি ভালোই লাগে, গাড়ি নিয়ে শহরের অন্য যেকোনো রাস্তায় গেলেই কান্না চাপে যায়। খালে পড়ে প্রতিদিন গাড়ির চাকা টাল হয়। ট্যাকা খরচ করে আবার সারা লাগে।’
শালগাড়ী মহল্লার সেঁজুতি ভৌমিক বলেন, ‘শুষ্ক মৌসুমে ভাঙাচোরা রাস্তায় শুধু ঝাঁকি সহ্য করতে হতো। এখন বৃষ্টি নামায় যোগ হয়েছে কাদা। রিকশা ভাড়াও বেড়ে গেছে। তাই বেশি ভাড়া দিয়ে অতিরিক্ত কষ্ট সহ্য করতে হচ্ছে আমাদের।’
এ প্রসঙ্গে পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাবিবুর রহমান বলেন, মূলত অর্থসংকটের কারণেই সড়কগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে কিছু কাজ চলছে। শহরের সড়কগুলো মেরামতের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে পর্যায়ক্রমে সব সড়কের উন্নয়নকাজ করা হবে।