শহরে খেলে পুরস্কার নিয়ে গেল গ্রামের শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শহরে খেলে এবারও বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতে নিয়ে গেল প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলা হয়। এই টুর্নামেন্টের শুরু থেকেই গ্রামের ছেলেমেয়েদের জয়ের এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

শহরের বাচ্চাদের কোচিং, প্রাইভেটের চাপ বেশি ও খেলার মাঠ না থাকার কারণে এ রকম হচ্ছে বলে শিক্ষকেরা মনে করছেন। অপরদিকে গ্রামে খেলার পরিবেশ এখনো রয়েছে। তারা ইচ্ছামতো দল তৈরি করতে পারছে। এ জন্য তারাই বারবার জয়ী হচ্ছে।

আয়োজকেরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের জন্য ২০১০ সাল থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও তার পরের বছর থেকে মেয়েদের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। নগরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নকআউটভিত্তিক এই টুর্নামেন্ট শুরু হয় ২০ অক্টোবর।

 বঙ্গবন্ধু কাপে জেলার চারঘাটের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ১–০ গোলে হারিয়ে তানোরের নড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়ী হয়। এই নড়িয়াল এলাকাটি তানোর উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার উত্তরে। এটি একটি নিভৃত গ্রাম। আবার রানারআপ দলটিও উপজেলা সদরের নয়। এটি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

জয়ী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবা সুলতানা বলেন, মাঠে আগে বড়রাই খেলত। এই খেলা শুরু হওয়ার পর ছোটরাও খেলছে। দল তৈরি করার জন্য শিক্ষকদের কাজ করতে হয়। তিনি বলেন, গ্রামে খেলার পরিবেশ রয়েছে। তবে এই খেলার জন্য তাদের মতো বিদ্যালয়কে আর্থিক সংকটে পড়তে হচ্ছে। বিদ্যালয়ের বাড়তি কোনো আয় নেই। শিক্ষার্থীরাও হতদরিদ্র পরিবারের। এ জন্য একটা সরকারি বরাদ্দ থাকা দরকার বলে মনে করেন তিনি।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলে জেলার দুর্গাপুরের ইশপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এক-শূন্য গোলে হারিয়ে চারঘাটের বড়বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল জয়ী হয়। এই দুটি দলও এসেছে উপজেলা সদর থেকে দূরের নিভৃত গ্রাম থেকে। বড়বড়িয়া উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে আর ইশপপুর প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত।

খেলায় শহরের ছেলেমেয়েদের পিছিয়ে পড়ার ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, গ্রামের শিক্ষকেরা নিজেদের মতো একটি দল তৈরি করতে পারেন। নানা সমস্যার কারণে শহরে এটা করা যাচ্ছে না। এর মধ্যে প্রাইভেট-কোচিংয়ের চাপ, মাঠ না থাকাসহ নানা সমস্যা রয়েছে।