শহরে গ্রামীণ সংস্কৃতির আবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহুরে জীবনে হঠাৎ গ্রামীণ সংস্কৃতির দেখা মিলল। একতারা, কামার-কুমার, তাঁতি, ঢেঁকি—কী ছিল না সেই আয়োজনে! গতকাল রাজধানীর রমনা পার্কে দিনব্যাপী বাংলালিংক বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l প্রথম আলো
শহুরে জীবনে হঠাৎ গ্রামীণ সংস্কৃতির দেখা মিলল। একতারা, কামার-কুমার, তাঁতি, ঢেঁকি—কী ছিল না সেই আয়োজনে! গতকাল রাজধানীর রমনা পার্কে দিনব্যাপী বাংলালিংক বাংলাদেশ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর l প্রথম আলো

মুঠোফোন কোম্পানি বাংলালিংক দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। প্রথম আলো এ উৎসবের সহযোগী ছিল
শীতের সকালে ঢেঁকিতে ধান ভানছেন দুই নারী। তাঁদের ঘিরে উৎসুক দর্শকের ভিড়। গ্রামবাংলার চিরচেনা এ দৃশ্য হাতের কাছে পেয়ে বিমোহিত নগরবাসী।
শুধু তা-ই নয়, কোথাও কুমোর হাঁড়ি গড়ছিলেন, কোথাও তাঁতে কাপড় বুনছিলেন তাঁতি। পুতুলনাচ, বায়োস্কোপ, নাগরদোলাও ছিল। সব জায়গায় উৎসুক মানুষের জটলা। রাজধানীর রমনা পার্কে ‘বাংলাদেশ উৎসবে’ আবহমান বাংলা সংস্কৃতির এমনই এক জমজমাট মেলা বসেছিল গতকাল শুক্রবার।
মুঠোফোন কোম্পানি বাংলালিংক দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। প্রথম আলো এ উৎসবের সহযোগী ছিল। গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল এনটিভি এবং ঢাকা এফএম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উৎসবে সার্বিক সহযোগিতা করে। উৎসবে মূল উপস্থাপক হিসেবে ছিলেন নাট্যব্যক্তিত্ব আব্দুন নূর তুষার। বিকেলে তাঁর সঙ্গে যোগ দেন ফারহানা নিশো।

মাসকলাই, মুগ ডাল ভাঙতে লাগে যাঁতা। গাঁয়ের বধূরা ব্যবহার করতেন একসময়। উৎসবে এমনি একটি যাঁতা ঘুরিয়ে দেখাচ্ছেন এক নারী l ছবি: প্রথম আলো
মাসকলাই, মুগ ডাল ভাঙতে লাগে যাঁতা। গাঁয়ের বধূরা ব্যবহার করতেন একসময়। উৎসবে এমনি একটি যাঁতা ঘুরিয়ে দেখাচ্ছেন এক নারী l ছবি: প্রথম আলো

সকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এতে অংশ নেন শিল্পী বুলবুল মহলানবীশ, শাহীন সামাদ, অনুপ ভট্টাচার্য, তিমির নন্দী, রফিকুল আলম, তপন মাহমুদ।
এর পরই সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বকে আমাদের অনেক কিছুই দেখানোর আছে। বাংলাদেশ শুধু ঝড়-বন্যার দেশ নয়। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি আছে। ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারি।’ বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, ক্রিকেটার সাকিব আল হাসান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বাংলালিংকের প্রধান ফিন্যান্সিয়াল কর্মকর্তা আহমাদ হালিম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ প্রমুখ।
উৎসবের শুরুতে দর্শকের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। দিনভর সারি বেঁধে মানুষ নাগরদোলায় চড়েছেন, পুতুলনাচ দেখেছেন। অনেকে মিটিয়েছেন বায়োস্কোপ দেখার সাধও। পিঠা, মুড়ি-মুড়কির স্টলেও ভিড় ছিল লক্ষণীয়।

মালামাল পরিবহনে একসময় গরুর গাড়িই ছিল গ্রামীণ জনপদের ভরসা। এখন খুব একটা দেখা যায় না। গতকাল দেখা মিলল রমনায় l ছবি: প্রথম আলো
মালামাল পরিবহনে একসময় গরুর গাড়িই ছিল গ্রামীণ জনপদের ভরসা। এখন খুব একটা দেখা যায় না। গতকাল দেখা মিলল রমনায় l ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরা থেকে আসা ফারজানা বেগম দুই সন্তানকে নিয়ে পুতুলনাচ দেখার লাইনে দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, শহরে সন্তানদের গ্রামবাংলার সংস্কৃতিকে চেনার সুযোগ হয় না। তারা কিছুটা হলেও যেন নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে, সেই ভাবনা থেকেই এখানে আসা।
এ ছাড়া বলীখেলার মঞ্চে দর্শকেরা নিজেরাই বলীখেলায় অংশ নিয়েছেন। বাইরে থেকে অন্য দর্শকেরা তাঁদের পক্ষ নিয়ে উৎসাহও জুগিয়েছেন। পাহাড়ি ঐতিহ্যের প্রদর্শনীতে আদিবাসী নাচ দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
দিনব্যাপী এ উৎসবের আয়োজন চলে চার ভাগে। এগুলো হলো কিংবদন্তি মঞ্চ, গানের রাজ্য, গ্রামবাংলার মেলা, ঐতিহ্যের খেলাঘর। কিংবদন্তির মঞ্চে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, বাউলসংগীতের প্রদর্শন হয়। এস এম সুলতান স্মরণে ১০০ ফুট দীর্ঘ ক্যানভাসে চিত্রাঙ্কন প্রদর্শনী হয়।
লোকগানের রাজ্যে গম্ভীরা, ভাওয়াইয়া, হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান গেয়ে শোনান বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা।
গ্রামবাংলার মেলায় ছিল গ্রামবাংলার বিয়ে, খেয়াঘাট, গরুর গাড়ি, মুড়ি-মুড়কি ও পিঠাঘর, বানর নাচ, ঢোলবাদ্য ইত্যাদির প্রদর্শনী।
বিকেল হতেই সব ভিড় আছড়ে পড়ে মূল মঞ্চের সামনে। সংগীতশিল্পী পারভেজের সঙ্গে ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গানটি কয়েক হাজার দর্শক একসঙ্গে গেয়েছেন। এরপর একে একে গেয়ে শোনান বারী সিদ্দিকী, সামিনা চৌধুরী, টুটুল, এলিটা, কোনাল, বাপ্পা মজুমদার, কনকচাঁপা, জেমস ও চিরকুট ব্যান্ড।