শহরে চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন বিপ্লব মিয়া (৩০), জিহাদ হোসেন (৩৫), রুনা বেগম (৩২) ও খালেদা। ময়নাতদন্তের জন্য তাঁদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিপ্লব ও জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিপ্লবের মৃত্যু সম্পর্কে কদমতলী থানার পুলিশ জানিয়েছে, নতুন জুরাইন ৩৮১ আলমবাগে টিনশেডের একটি দ্বিতল বাড়ির নিচতলায় থাকতেন বিপ্লব। মঙ্গলবার ভোরে বিপ্লব পানির মোটর ছাড়তে যান। সেখানে জমে থাকা পানিতে একটি বিদ্যুতের তার পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ঝড়ে তারটি ছিঁড়ে পড়ে। ওই পানিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিহাদের মৃত্যু সম্পর্কে সবুজবাগ থানা-পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে সবুজবাগের দক্ষিণগাঁও ৬ নম্বর রোডে নির্মাণাধীন একটি বাড়ির দ্বিতীয় তলায় কাজ করছিলেন জিহাদ। একটি রড ওপরে তোলার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে রডটির সংযোগ ঘটে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জিহাদ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জিহাদ খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকতেন।
লালবাগের একটি বাড়িতে পরিবারসহ থাকতেন রুনা বেগম। তাঁর স্বামী রেজাউল করিম বলেন, রুনা অসুস্থ ছিলেন। গতকাল ভোরে তিনি গোসলখানায় গিয়ে পড়ে যান। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আশরাফুল মুন্না বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ দিকে তুরাগ এলাকায় নেশাজাতীয় দ্রব্য গুল খেয়ে খালেদার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তুরাগ থানার এসআই হুমায়ুন কবির। প্রথম আলোকে তিনি বলেন, খালেদা একজন হিজড়া। প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত সোমবার রাতে তিনি গুল খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।