শহরে ঢুকতেই লেভেল ক্রসিং প্রতিদিন চলাচল বন্ধ ছয় ঘণ্টা
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা নগরের শাসনগাছা লেভেল ক্রসিংয়ের কারণে সড়কপথে নগরমুখী যাত্রীদের প্রতিদিন দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কপথে ওই রেলক্রসিং পার হয়েই শহরে ঢুকতে হয়। এতে প্রতিদিন প্রায় সাড়ে ছয় ঘণ্টা ওই পথ বন্ধ রাখতে হয় ট্রেন চলাচলের কারণে।
রেলপথটি দিয়ে প্রতিদিন ১৯টি ট্রেন ৩৮ বার আসা-যাওয়া করে। ক্রসিংটি পার হতে প্রতিটি ট্রেনের কমপক্ষে ১০ মিনিট সময় লাগে। ওই সময় ক্রসিংয়ের দুই পাশে যানগুলোকে অপেক্ষা করতে হয়। দিনে গড়ে সাড়ে ছয় ঘণ্টার মতো যানগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে শহরবাসী।
কুমিল্লা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, শাসনগাছা লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন চট্টগ্রাম ও নোয়াখালী থেকে ঢাকা, সিলেট, ভৈরব, বঙ্গবন্ধু সেতু এলাকা পর্যন্ত ১৪টি যাত্রীবাহী ও পাঁচটি কনটেইনারবাহী ট্রেন আসা-যাওয়া করে। এসব ট্রেন কুমিল্লা রেলস্টেশনে ঢোকার অনেক আগেই ক্রসিংয়ের ব্যারিয়ার ফেলে দিতে হয়। এতে প্রতিটি ট্রেনের জন্য ১০ মিনিট ব্যয় হয়। ফলে শাসনগাছা এলাকায় যানজট বাঁধে। দিনে ট্রেন বেশি থাকায় যানজটও তীব্র আকার ধারণ করে।
এলাকাবাসী জানান, শাসনগাছা থেকে সড়কপথে রাজধানী ঢাকা, সিলেট, কুমিল্লা জেলার চান্দিনা, দাউদকান্দি, মুরাদনগর, হোমনা, তিতাস, দেবীদ্বার, বুড়িচংসহ বেশ কিছু অঞ্চলের বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তা ছাড়া শাসনগাছার ওপর দিয়ে রেললাইন গেছে। স্থানীয়ভাবে চলাচলকারী যানবাহন তো রয়েছেই। সবকিছু মিলে প্রতিদিন তীব্র যানজটে নাকাল হতে হয়। শহরে ফ্লাইওভার নির্মাণ করা হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে। প্রতিটি ট্রেনের যাওয়া-আসার জন্য গড়ে ২০ মিনিট করে প্রতিদিন রেলক্রসিং বন্ধ রাখতে হয়। এতে দিনে গড়ে সাড়ে ছয় ঘণ্টার মতো যানগুলোকে দাঁড়িয়ে থাকতে হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, কুমিল্লা গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় এখানে যানবাহনও তুলনামূলক বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাসনগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকা থেকে নগরের রেসকোর্স এলাকা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রি-একনেক বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। একনেকে প্রকল্পটি অনুমোদিত হলেই দরপত্র ডাকা হবে।
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনও শাসনগাছা এলাকায় তীব্র যানজট হওয়ার কথা স্বীকার করে বলেন, প্রতিদিন ১৯টি ট্রেন চলাচল করায় সড়কপথে ব্যারিয়ার ফেলে রাখতে হয়। এটিই যানজটের মূল কারণ। এই অবস্থা মোকাবিলায় ফ্লাইওভারের বিকল্প নেই। সংসদেও এ ব্যাপারে দাবি তোলা হয়েছে। ইতিমধ্যে সওজ এ বিষয়ে কাজ শুরু করেছে।