কক্সবাজার শহরে পর্যটকবাহী বাস ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছেন হোটেল মালিকেরা। গতকাল সোমবার বিকেলে কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়।
‘পর্যটনশিল্পের চলমান সংকট নিরসন ও উন্নয়নে সম্মিলিত সভা’ শিরোনামের সভার আয়োজন করে পর্যটন-সংশ্লিষ্ট ১০টি সংগঠন। এ সময় কক্সবাজার পর্যটনশিল্পের উন্নয়নে ২০ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, হোটেল-মোটেল জোন থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। পর্যটকবাহী দূরপাল্লার বাসগুলো এসে থামে ওই টার্মিনালে। দীর্ঘ এই পথ ইজিবাইক (টমটম) ও অটোরিকশাযোগে আসতে ছিনতাইসহ নানা হয়রানির শিকার হচ্ছেন পর্যটকেরা। এ কারণে শহরে পর্যটকবাহী বাস ঢুকতে দেওয়া জরুরি।
শহরে যানজট ও পর্যটকদের চলাচলে দুর্ভোগ নিরসনে হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকায় গত জুন মাসের শুরু হতে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে দূরপাল্লার বাস প্রবেশ বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
ব্যবসায়ীরা বলেন, যে সময়টুকু বাস বন্ধ থাকে তখনই পর্যটকবাহী গাড়ি কক্সবাজারে পৌঁছে। এক দুর্ভোগ থেকে পর্যটকেরা আরেক ভোগান্তিতে পড়ছেন।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমদ ও কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী রাসেল আহমেদ।
সভায় ২০ দফা দাবি উপস্থাপন করেন হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার।