শহরে পাহাড়ি সম্ভার
বাঁশ-বেতের টুকরিতে জুমের বেঁটে লাউ, পেটমোটা নারকেলি কচু আর লম্বা শেকড়ের মতো দেখতে শিমলা আলু রাখা। একপাশে নোনা ইলিশ, ছুরি শুঁটকি আর ছোট বোতলে নাপ্পি সাজানো। আছে রঙিন পাহাড়ি ফল, কাঁচা হলুদ, কাঁচা কাঁঠাল, টকপাতা, আদা ফুল, বাঁশের চোঙসহ নানা কিছু। পার্বত্য চট্টগ্রামে নয়, এই পাহাড়ি বাজার বসেছিল ঢাকার বেইলি রোডে।
আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব-সংলগ্ন পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মাঠে বসেছিল পাঁচ দিনের পার্বত্য মেলা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ মেলার গতকাল বৃহস্পতিবার ছিল শেষ দিন।
এ বছর পর্বত দিবসের প্রতিপাদ্য ছিল ‘পাহাড়ি সংস্কৃতি: বৈচিত্র্য উদ্যাপন ও আত্মপরিচয় জোরদার’। প্রতিপাদ্য সামনে রেখেই সাজানো হয়েছিল এবারের পার্বত্য মেলা।
মেলায় প্রধান তোরণটি দেখতে ছিল মঠের ছাদের মতো। আর স্টলগুলো যেন সব দোচালা শণের ঘর। শুরুর দিকের একটি স্টলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পক্ষ থেকে ছিলেন সুনেন্দু ত্রিপুরা। দর্শনার্থীদের বুঝিয়ে দিচ্ছিলেন জুমচাষের নানা নিয়মকানুন। বললেন, পাহাড়ে পরিবেশবান্ধব জুমচাষ ও বীজ সংরক্ষণের ব্যাপারে পরামর্শ দেন তাঁরা। স্টলে সাজানো ছিল সাদা-কালো-লাল-বাদামি বিন্নি চাল, কাউন চাল, জুমের বীজ আর পাহাড়ি চাষবাসের সারঞ্জাম।
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়ে এসেছিল নানা জাতের পাহাড়ি আখ। কোনোটা সরু, সবুজ রঙের। আবার কোনোটা কালো রঙের, মোটা বাঁশের মতো। আবার কোনোটা প্রায় ১২ থেকে ১৪ ফুট লম্বা। স্টলের সামনেই ছিল আখের শরবত খাওয়ার ব্যবস্থা।
কলাপাতায় নারকেল-চিনি-বিন্নি চালের ভাত দিয়ে তৈরি ‘ফাকদম’, তেলে ভাজা ‘কংয়াংলুন’, পাটিসাপটার মতো দেখতে ‘ছেস্মা মুঙ’—এসব পাহাড়ি পিঠার স্বাদ নেওয়ারও সুযোগ ছিল।