শহরে বর্জ্য ছড়াচ্ছে ৩৭৮ খোলা ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে যাচ্ছে বর্জ্যবাহী ট্রাক। রাজধানী সুপার মার্কেটের পাশ থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে যাচ্ছে বর্জ্যবাহী ট্রাক। রাজধানী সুপার মার্কেটের পাশ থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

শুক্রবার সকাল আটটা। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের পুরান ঢাকার নিমতলী ফটক। বর্জ্যবোঝাই একটি খোলা ট্রাক উঠছে উড়ালসড়কটিতে। ট্রাকটিতে ব্যবহার করা হয়নি কোনো ত্রিপল। এ কারণে ট্রাক থেকে বর্জ্য ছড়িয়ে পড়ছে চারপাশে। বাতাসে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। অথচ, খোলা ট্রাকে বর্জ্য অপসারণে ত্রিপল ব্যবহার বাধ্যতামূলক।

গত ১৯ আগস্ট থেকে গতকাল শুক্রবার পর্যন্ত লালবাগ, কামরাঙ্গীরচর, ধানমন্ডি, বংশাল, যাত্রাবাড়ী, মুগদা, বিজয় সরণি, বাড্ডা, তেজগাঁও রেলগেট, মোহাম্মদপুর, গাবতলী এলাকায় অন্তত ১৫টি খোলা ট্রাকে এভাবে বর্জ্য বহন করতে দেখা যায়। এগুলোর মধ্যে মাত্র তিনটিতে ত্রিপল ব্যবহার করতে দেখা গেছে। তা–ও সেগুলো ছিল ছেঁড়া।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১৪০টি খোলা ট্রাকে বর্জ্য পরিবহন করে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) খোলা ট্রাক আছে ২৩৮টি।

রাজপথে দুর্গন্ধ ছড়িয়ে ময়লাবাহী ট্রাকগুলো যায় দুটি গন্তব্যে। ঢাকা দক্ষিণের ময়লা নেওয়া হয় মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে এবং উত্তরের ময়লা ফেলা হয় আমিনবাজারের ল্যান্ডফিলে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রথম আলোকে বলেন, আগে ভোর চারটার আগে বর্জ্য অপসারণ ও রাস্তাঘাট পরিষ্কার করতেন পরিচ্ছন্নতাকর্মীরা। কিন্তু কয়েক বছর ধরে তা করা হচ্ছে না। সকাল আটটার দিকেও রাস্তা ঝাড়ু দেওয়া হচ্ছে। খোলা ট্রাকে করে দিনভর বর্জ্য অপসারণ করা হচ্ছে। এতে শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে সমস্যায় পড়তে হয়। তিনি বলেন, খোলা ট্রাক থেকে বর্জ্য ও ময়লা পানি সড়কে পড়ার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব বর্জ্যের কারণে বিভিন্ন ধরনের রোগজীবাণু ছড়াচ্ছে। তাই খোলা ট্রাকে বর্জ্য অপসারণ বন্ধ করতে হবে।

ডিএসসিসি ও ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্র জানায়, ডিএসসিসি এলাকায় দিনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টন বর্জ্য জমা হয়। খোলা ট্রাকের পাশাপাশি ১২০টি কনটেইনারবাহী ট্রাক দিয়ে এসব বর্জ্য পরিবহন করা হয়। এসব ট্রাক দিয়ে বর্জ্য অপসারণ করতে দৈনিক ৬৫০ থেকে ৭০০টি ট্রিপ লাগে। অন্যদিকে ডিএনসিসি এলাকায়ও প্রায় একই পরিমাণ বর্জ্য জমা হয়। তাদের কনটেইনারবাহী ট্রাক আছে প্রায় ৬০টি।

ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম এ রাজ্জাক প্রথম আলোকে বলেন, খোলা ট্রাকে বহন করা বর্জ্য ত্রিপল দিয়ে ঢেকে রাখতে ট্রাকচালক ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। কিন্তু অনেক সময় চালকেরা তা করেন না। এমন গাফিলতির কারণে অনেক চালককে শাস্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে ডিএনসিসিকে ৬০টি কনটেইনারবাহী ট্রাক দেওয়ার কথা জাপান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থার (জাইকা)। সেগুলো পেলে ডিএনসিসি এলাকায় আর কোনো খোলা ট্রাক থাকবে না।

সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যায়, বর্জ্যবাহী খোলা ট্রাক থেকে বর্জ্য ছড়িয়ে পড়ছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর ট্রাকের আশপাশে থাকা যানবাহনের যাত্রী ও পথচারীরা নাক-মুখ চেপে চলছে।

আজিমপুরের চায়না বিল্ডিং গলির বাসিন্দা আরিফ হোসেন বলেন, কামরাঙ্গীরচর ও হাজারীবাগের সব ময়লার ট্রাক আজিমপুর দিয়ে চলাচল করে। সকালে ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার সময় প্রায়ই বর্জ্যবাহী খোলা ট্রাকের সামনে পড়তে হয়। এসব ট্রাকের ময়লা সড়কে ছড়িয়ে পড়ে। আর বর্জ্যের দুর্গন্ধে ছেলেমেয়েদের বমির উপক্রম হয়।

গত ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে দেখা যায়, পুরান ঢাকার সিদ্দিক বাজার থেকে বর্জ্য নিয়ে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের ওপর দিয়ে মাতুয়াইল ল্যান্ডফিলের দিকে যাচ্ছে একটি খোলা ট্রাক। ট্রাকে বর্জ্যের ওপর কোনো ত্রিপল নেই। ট্রাকটি উড়ালসড়কের ওপর দিয়ে যাওয়ার সময় বর্জ্য ছড়িয়ে পড়ছিল। এ সময় পরিচ্ছন্নতাকর্মীরা ট্রাকটির গতি কমাতে ইশারা দেন। কিন্তু চালক গতি কমাননি। ট্রাকটি দ্রুতবেগে চলে যাওয়ায় চালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পরিচ্ছন্নতাকর্মী মো. রবিউল বলেন, সাধারণত উড়ালসড়কের ওপর থেকে প্লাস্টিকের বোতল, পলিথিন বা কাগজ পরিষ্কার করেন তাঁরা। কিন্তু গত মে মাস থেকে বাসাবাড়ির বর্জ্যও সংগ্রহ করতে হচ্ছে তাঁদের।

গত ২৭ আগস্ট সকাল আটটার দিকে গাবতলী পশুর হাট এলাকা থেকে আমিনবাজারের দিকে বর্জ্যবোঝাই একটি খোলা ট্রাক যেতে দেখা যায়। ট্রাকটির বর্জ্যের ওপরও কোনো ত্রিপল ছিল না। ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চলছিল গাড়িটি। ট্রাক থেকে বর্জ্য ছড়িয়ে পড়ছিল সড়কে। গাবতলীর পশ্চিম প্রান্তে গিয়ে যানজটে আটকা পড়ে ট্রাকটি। এ সময় দুর্গন্ধের কারণে ট্রাকটির আশপাশে থাকা বাসের
যাত্রীদের জানালার কাচ বন্ধ করে দিতে দেখা যায়।

জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোলা ট্রাকে বর্জ্য অপসারণের সময় ত্রিপল ব্যবহার করা বাধ্যতামূলক। তাই প্রতিটি ট্রাকেই ত্রিপল দেওয়া আছে। ইচ্ছাকৃতভাবে ত্রিপল ব্যবহার না করলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।