ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘আরবান হেলথ সিনারিও: লুকিং বিয়ন্ড ২০১৫’ শীর্ষক প্রতিবেদনের তথ্য
শহরে বাস করা মানুষের ৩৫ শতাংশই বস্তিবাসী
ঢাকা ও চট্টগ্রাম বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল নগর। শুধু এ দুই মহানগরেই নয়, দেশের সব শহর ও নগরে মানুষ বাড়ছে। শহরে বাস করা মানুষের ৩৫ শতাংশই বস্তিবাসী। পানি, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক সুযোগের অভাবে শহরে দরিদ্র মানুষের অবস্থা গ্রামের দরিদ্রদের চেয়ে খারাপ।
নগর স্বাস্থ্য নিয়ে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘আরবান হেলথ সিনারিও: লুকিং বিয়ন্ড ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। গতকাল শুক্রবার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক ও রকেফেলার ফাউন্ডেশনের সহায়তায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এ সম্মেলনের আয়োজন করেছে। আজ শনিবার দেশের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কর্মকৌশল প্রস্তাবের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরের বস্তিতে জনসংখ্যা বৃদ্ধির হার ৭ শতাংশ। ঢাকার এক বর্গকিলোমিটার বস্তি এলাকায় প্রায় দুই লাখ মানুষ বাস করে। বস্তিতে বাস করা পরিবারগুলোর মধ্যে খাদ্যনিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি। গ্রামীণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য সারা দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন স্বাস্থ্য অবকাঠামো থাকলেও শহরে তেমন কিছু নেই। প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের পক্ষে কিছু এনজিও এই সেবা দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নগর স্বাস্থ্যের উল্লেখযোগ্য ঝুঁকি শব্দ, পানি ও বায়ুদূষণ। পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান অনুযায়ী দিনে ও রাতে শব্দের সহনীয় মাত্রা হচ্ছে যথাক্রমে ৬০ ও ৪৫ ডেসিবেল। কিন্তু ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের ৬০ শতাংশ এলাকায় দিনে ও রাতে শব্দ হয় সহনীয় মাত্রার চেয়ে বেশি। অন্যদিকে শহরের ৪২ শতাংশ মানুষের স্যানিটারি ল্যাট্রিনের সুযোগ নেই। ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগরের বায়ুতে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ অনেক বেশি।
এই প্রতিবেদনের ওপর মন্তব্যের সময় নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নগর ও শহরে জনসংখ্যা বৃদ্ধির কারণে ‘গ্রামীণ বাংলাদেশ’ আর থাকছে না। বাংলাদেশ নগরে রূপ নিচ্ছে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নগরের প্রাধান্য বাড়ছে। সুতরাং এখন থেকে নগরকেন্দ্রিক কর্মকৌশল জোরদার হওয়া দরকার। তিনি বলেন, নগর পরিকল্পনায় সবুজ প্রান্তর বা খোলা জায়গার ব্যবস্থা রাখতে হবে নগরবাসীর স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে।
পিপিআরসির নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান বলেন, শহর-নগরের সমস্যা বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। নগর দারিদ্র্য গ্রামীণ দারিদ্র্যের চেয়ে ভিন্নতর। গ্রামের দরিদ্র মানুষের আর্থিক অবস্থা উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক মর্যাদা বাড়ে। কিন্তু শহরের বস্তিবাসীর আর্থিক অবস্থা উন্নত হলে তাঁর মর্যাদা বাড়ে না। তিনি বলেন, ‘নগরে সামাজিক দারিদ্র্য স্থবির হয়ে আছে।’
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেন, খাদ্যনিরাপত্তা, পুষ্টিসহ নানা বিষয়ে শহরের দরিদ্ররা, বিশেষ করে বস্তিবাসী বৈষম্যের শিকার। তিনি বলেন, শহরের ও গ্রামের রোগের প্রাদুর্ভাবের পার্থক্য আছে। দেশ যখন শহরে পরিণত হচ্ছে, তখন রোগের ধরনে নানা পরিবর্তন আসছে, পরিকল্পনাবিদ ও নীতিনির্ধারকদের সেই বিষয়গুলোও মাথায় রাখতে হবে।