শহরে যত্রতত্র ট্রাক রাখায় যানজট, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে যত্রতত্র ট্রাক রাখায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে। তারা রয়েছেন ঝুঁকিতেও। এ কারণে জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটেরও সৃষ্টি হচ্ছে। জেলায় কোনো ট্রাক টার্মিনাল না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

জেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, আন্তজেলা, স্থানীয়, ড্রাম ট্রাকসহ (মাটি টানার) সব মিলিয়ে পাঁচ হাজারেরও বেশি ট্রাক রয়েছে টাঙ্গাইলে। এসব ট্রাকের জন্য টাঙ্গাইলে কোনো টার্মিনাল নেই। তাই বাধ্য হয়েই চালক ও মালিকেরা ট্রাক যেখানে-সেখানে দাঁড় করিয়ে রাখেন।

সরেজমিনে দেখা যায়, শহরের স্টেডিয়াম এলাকা, ঢাকা রোড, জেলা সদর এলাকা, দেওলা, রাবনা বাইপাসসহ ব্যস্ততম অনেক জায়গায় ট্রাক রাখা হয়।

একাধিক ট্রাকমালিক বলেন, ট্রাক রাখার জন্য কোনো টার্মিনাল নেই। তাই বাধ্য হয়ে যে যেখানে ফাঁকা ও সুবিধাজনক জায়গা পাওয়া যায়, সেখানেই ট্রাক দাঁড় করানো হয়। রাস্তার পাশে এভাবে রেখেই নতুন ভাড়া (ট্রিপ) ধরতে হয়।

জেলা শহরের কয়েকজন বাসিন্দা বলেন, শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় ট্রাক রাখার জন্য অনেক সময় যানজটের সৃষ্টি হয়। শহরের স্টেডিয়াম এলাকায় দেখা যায়, ২০টি ট্রাক স্টেডিয়াম পুকুরের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সামনের রাস্তায়ও রয়েছে আরও পাঁচ-ছয়টি মিনি ট্রাক। এসব ট্রাকের কারণে সেখানে অন্যান্য যানবান চলাচলে ব্যাহত হচ্ছে। অপরদিকে ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিশেষ করে শিশুদের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে।

শহরের ভিক্টোরিয়া রোডের বাসিন্দা সঞ্জিব দত্ত বলেন, শহরের বিভিন্ন স্থানে ট্রাক পার্কিং করে রাখায় মানুষের পথ চলতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ছোট ছেলেমেয়েদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক (টিআই) রফিকুল ইসলাম বলেন, ‘শহরে ট্রাক প্রবেশের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাক টার্মিনাল থাকলে এ সমস্যার অনেকটাই সমাধান হতো।’

 জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া বলেন, জেলায় কোনো ট্রাক টার্মিনাল না থাকায় বাধ্য হয়ে মালিক ও শ্রমিকেরা যেখানে সুবিধা সেখানে ট্রাক রাখেন। টার্মিনাল থাকলে এ অবস্থার সৃষ্টি হতো না।

জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শওকত রেজা বলেন, টাঙ্গাইলে একটি ট্রাক টার্মিনাল স্থাপনের দাবি দীর্ঘদিনের। জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন ফোরামে এ দাবি তোলা হচ্ছে। অনেকেই আশ্বাস দিয়েছেন। কিন্তু আজও ট্রাক টার্মিনাল স্থাপনের কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় বাস টার্মিনালের পাশাপাশি ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।