শহরে রাতে বাড়তে পারে লোডশেডিং
বোরো চাষে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। আগে সেচে বিদ্যুৎ সরবরাহের নির্ধারিত সময় ছিল প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত। এখন করা হয়েছে ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত।গত বৃহস্পতিবার জাতীয় লোড ডেসপাচ সেন্টারে (এনএলডিসি) দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় ওই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে বলা হয় যে নির্ধারিত ওই ১০ ঘণ্টা সেচের জন্য চাহিদার শতভাগ বিদ্যুৎই নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হবে।বিতরণ কোম্পানিগুলোর সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্ধান্ত অনুযায়ী সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হলে ঢাকাসহ দেশের শহর-নগরে রাতে ও ভোরবেলায় লোডশেডিং বাড়ার আশঙ্কা রয়েছে। কেননা সেচ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সেচের জন্য সরবরাহ করতে হবে। তাতে শহরে ওই সময় চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি বাড়বে।সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ও বিদ্যুৎ খাতের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানায়।