শহরে শিকল পরা বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা পরিষদ এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো
উপজেলা পরিষদ এলাকা থেকে গতকাল তোলা l প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলা কমপ্লেক্সের ভেতরে শিকলে বাঁধা একটি বানর দুই সপ্তাহ ধরে অবস্থান করছে। এর সঙ্গীকে ঢিলের আঘাতে শিশু-কিশোরেরা মেরে ফেলেছে। এরপর থেকে শিকলে বাঁধা বানরটি নিঃসঙ্গ অবস্থায় রয়েছে।
স্থানীয় কয়েকজন গতকাল শনিবার বলেন, দুটি বানরকে প্রথমে উপজেলার পুরোহরি এলাকায় দেখা যায়। এর একটি বানরের গলায় শিকল পরানো ছিল। অন্যটি শিকল ছাড়া। দু-তিন দিন পর শিকলহীন বানরটি ঢিলের আঘাতে আহত হয়ে মারা যায়। সঙ্গীর মৃত্যুর পর শিকলে বাঁধা বানরটি প্রায় ১৫ দিন আগে নান্দাইল শহরে আসে। শিশু-কিশোরদের ভয়ে সেটি উপজেলা কমপ্লেক্সের ভেতরে একটি প্রাচীন রেইনট্রিগাছে আশ্রয় নেয়।
ওই কমপ্লেক্সে অবস্থিত বিভিন্ন সরকারি কার্যালয়ের চারজন কর্মকর্তা বলেন, ‘বানরটি গাছের মগডালে আশ্রয় নিলেও শিশু-কিশোরদের জ্বালাতন থেকে রেহাই পাচ্ছে না। চোখের সামনে বানরটিকে কেউ জ্বালাতন করতে দেখলে আমরা ধমক দিয়ে বারণ করি। তারপরও চোখের আড়ালে কিশোরের দল গাছে চড়ে বানরটিকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। বানরটি তখন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য চিৎকার করে।’
উপজেলা কমপ্লেক্স এলাকার বাসিন্দা আলম ফরাজী বলেন, এক সপ্তাহ ধরে বাবলী রানী দাস নামের একজন শিক্ষকের বাসা থেকে বানরটিকে পালা করে খাবার দেওয়া হচ্ছে। বাবলী দাসের মেয়ে স্নিগ্ধা দাস খাবার এনে ডাক দিলেই বানরটি মগডাল থেকে নেমে এসে খেয়ে যায়। এটিকে উদ্ধার করা দরকার।
উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম গতকাল বলেন, এ ব্যাপারে আগামীকাল (আজ রোববার) জেলা বন কর্মকর্তাকে জানানো হবে। বানরটিকে দ্রুত উদ্ধার করে বনজঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।