শহরে স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয় দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর এলাকার দরিদ্র মানুষ মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না। বস্তিবাসীর মধ্যে শিশুর মৃত্যুহার ও অপুষ্টি তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে টিকাদানের হার কম। এই পরিস্থিতির উন্নয়নে শহরাঞ্চলে স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সমন্বয় বাড়াতে হবে।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে নগর স্বাস্থ্য কৌশল নির্ধারণী এক কর্মশালায় এ কথা বলা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। এতে মূল উপস্থাপনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এশীয় উন্নয়ন ব্যাংকের পরামর্শক এ এম এম শওকত আলী বলেন, শহর এলাকায় মারাত্মক জখম, অপুষ্টি, উচ্চরক্তচাপের প্রাদুর্ভাব বেশি। শহরে ধূমপান, মদ ও মাদকের ব্যবহারও বেশি। নারী নির্যাতনও বেশি এবং তা জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে।সর্বশেষ জরিপের তথ্য উদ্ধৃত করে শওকত আলী বলেন, শহরের বস্তিতে শিশু মৃত্যুহার (১৮ দশমিক ৮) অবস্তিবাসীদের (১ দশমিক ৩) চেয়ে অনেক বেশি। জাতীয় পর্যায়ে ৮৪ শতাংশ শিশু টিকা পায়। কিন্তু সেখানে বস্তিতে ৬৩ শতাংশ শিশু টিকা পায়। জাতীয় পর্যায়ে ৪৫ শতাংশ শিশু অপুষ্টির শিকার। বস্তিতে এই হার ৫৫ শতাংশ। শহরের অন্য নাগরিকের মধ্যে তা ৪০ শতাংশ। অন্যদিকে গ্রামের শিশুদের চেয়ে (৩৯ শতাংশ) শহরের বস্তির শিশুদের মধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার হার বেশি (৪৫ শতাংশ)।অনুষ্ঠানে জানানো হয়, শহর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার মূল দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। ওই মন্ত্রণালয় প্রধানত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহায়তায় স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। শওকত আলী বলেন, নগরবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় জোরদারে কার্যকর পন্থা বের করতে হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, শহরে পানির মান খারাপ হলে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ে। চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কিন্তু পানির মান ঠিক করার দায়িত্ব তাঁর নয়। অন্যদিকে ডায়রিয়ার চিকিৎসার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নয়। তিনি বলেন, দুটি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় খুবই জরুরি।সুইডেনের রাষ্ট্রদূত মিস অ্যানেলি লিনডাল কেনি বলেন, শহরের এক-তৃতীয়াংশ মানুষ বস্তিতে বাস করে। অনেক ক্ষেত্রে বস্তিবাসীরা নিরাপদ পানি ও পয়োব্যবস্থার দাবিও করতে পারে না। তিনি বলেন, নগর স্বাস্থ্যসেবা হওয়া উচিত কৌশল অধিকারভিত্তিক।