শহরেই সড়কের ২৫ স্থানে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে ঢুকতেই বেতার ভবন এলাকা। এখানে সড়কের ৩০০ গজের মধ্যে দুটি স্থানে ফাটল। পাশ থেকে ধসে গেছে বেশ কিছু অংশ। এই স্থান থেকে আধা কিলোমিটার দূরত্বের ভেদভেদী অটোরিকশা স্ট্যান্ডেও পর পর তিনটি স্থানে ভাঙন। এ ছাড়া ভেদভেদীর পর থেকে কল্যাণপুর, শিল্পকলা একাডেমি, সড়ক বাজার, সমাজকল্যাণ ও পুলিশ সুপার কার্যালয় এলাকা পর্যন্ত চার কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ছয়টি ভাঙন।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙমাটি শহরের ভেতরে জিরো পয়েন্ট ডিসির বাংলো এলাকা পর্যন্ত সাড়ে আট কিলোমিটারের মধ্যে সাড়ে চার কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব স্থানে সড়কের পাশের ৫০-১০০ ফুট অংশ ধসে পড়েছে পাশের খাদে। এ ছাড়া শহরে চলাচলের প্রধান সড়কেও ভাঙন রয়েছে ১৪টি স্থানে। অর্থাৎ শহরের ভেতরেই দুটি সড়কের অন্তত ২৫টি স্থান ভেঙে গেছে। এসব স্থানে যেকোনো মুহূর্তে সড়ক ধসে যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শহরের ভেতরে এখন চলাচল করছে অটোরিকশা ও মোটরসাইকেল।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক মিনিবাস চলাচলের অনুমতি দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এর আগে ১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসের ঘটনার আট দিন পর (২১ জুন) অটোরিকশা ও মাইক্রোবাস চলাচলের জন্য উপযোগী করা হয় সড়কটি। ঘটনার পর আট দিন পর্যন্ত রাঙামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগবিচ্ছিন্ন ছিল।
সরেজমিনে দেখা যায়, ভেদভেদী এলাকায় ফাটলে লাল পতাকা টানিয়ে সতর্ক করা হয়েছে। সড়কের এক পাশ বন্ধ। অটোরিকশাসহ ছোট যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। ধসের ঝুঁকিতে রয়েছে পাশের বেশ কিছু দোকান ঘর। তারপরও সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা।
ভেদভেদী এলাকার ব্যবসায়ী মো. আলমগীর বলেন, দোকানগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। অধিকাংশ ব্যবসায়ীর আয়ের প্রধান উৎস দোকান। সে কারণে ঝুঁকির মধ্যে ব্যবসা করছেন। তবে বৃষ্টি হলে রাতে দোকানে থাকেন না।
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান সড়কের পুলিশ লাইন এলাকায় দুটি স্থানে অন্তত ১০০ ফুট অংশ ভেঙে পড়েছে। সড়কের এই স্থানটি সংকুচিত হয়ে পড়েছে বেশি। একইভাবে টেনিস কোর্ট, তবলছড়ির সিদ্ধি ভবন, স্বর্ণটিলা ও পর্যটন এলাকায় তিন কিলোমাটারের মধ্যে ১২টি স্থানে বিপজ্জনকভাবে ভেঙেছে সড়ক।
শহরের অটোরিকশা চালক মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, রাঙামাটি শহরের মধ্যে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু ঝুঁকি জেনেও গাড়ি চালাচ্ছেন। কারণ অটোরিকশা চালিয়ে তাঁদের সংসার চলে। এক দিন না চালালে না খেয়ে থাকতে হবে।
শহরের কাঁঠালতলী এলাকার বাসিন্দা নয়ন কুমার দাশ প্রথম আলোকে বলেন, শহরে চলাচলের সবকটি সড়কেই ভাঙন রয়েছে। গাড়ি চলাচলের সময় একটু অসাবধান হলেই বিপদ ঘটবে। তবে যদি আবার ভারী বৃষ্টি হয় তাহলে শহরের ভেতরেই যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, শহরের ভেতরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কের বেশ কিছু অংশ। ভাঙন রয়েছে অন্তত ২৫টি স্থানে। সেখানে সাবধানতার জন্য লাল পতাকা টানিয়ে বালুর বস্তা ও ইট দিয়ে একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে শহরের ভেতরে ঝুঁকিপূর্ণ স্থানগুলো আগে সংস্কার করা হবে।
সওজ বিভাগ সূত্র জানায়, রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনার পর রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-আসামবস্তি-কাপ্তাই, রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই ও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তিন সড়কে এখন হালকা যান চলাচল করলেও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।
এ ছাড়া জেলার তিনটি সড়ক ও শহরে চলাচলের রাস্তায় ১১৩টি স্থান ভেঙে গেছে। এর মধ্যে রাঙামাটি-চট্টগ্রামে ৩৩টি, রাঙামাটি-ঘাগড়া-কাপ্তাই সড়কে ১৪টি ও রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ির ৪১টি স্থান ভেঙে যায়। অন্যদিকে পাহাড়ধস হয়েছে ১৪৫টি স্থানে।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন বলেন,‘ পাহাড়ধসের ঘটনার পর সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। সে জন্য কোনো কাজ করতে পারছি না। অর্থ বরাদ্দের চাহিদাপত্র পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে।’