শহরের এত কাছে, তবু সুবিধাবঞ্চিত ডাঙারচর
শহরতলির ৫ নম্বর জেটি ঘাটের কাছে কর্ণফুলীর তীরে ডাঙারচরের অবস্থান। মূল শহর থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। বোটে করে কর্ণফুলী পারাপারে সময় লাগে ১০ মিনিট। শহরের এত কাছে হলেও গ্রামটি সব ধরনের নাগরিক সুবিধাবঞ্চিত। এখানে নেই উন্নত যোগাযোগব্যবস্থা, চিকিৎসাকেন্দ্র, চিকিৎসক, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ডাকঘর। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলংকরী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় পুরো জনপদটি। কারণ, নদীপথই ছিল একমাত্র ভরসা। ফলে ঝড়ে আটকা পড়া গ্রামের মানুষের সরে আসা সম্ভব হয়নি। উদ্ধার কর্মীদের জন্যও এ পথে আসা ছিল রীতিমতো অসাধ্য।
ডাঙারচরের ঘাটে বসে নিজের অভিজ্ঞতার বর্ণনা দেন ৮০ বছর বয়সী জহুরুল আলম। তিনি বলেন, ‘সেদিন এ গ্রামের ৫১৭ জন লোক মার যায়। এর মধ্যে তাঁর ভাই সালামত আলী মেম্বারসহ পরিবারের সাত সদস্যও রয়েছেন। এ ছাড়া আশপাশের বিভিন্ন এলাকা থেকে স্রোতের টানে ভেসে আসে শত শত লাশ।
সালামত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা তো আল্লার দয়ায় বেঁচে আছি। আমাদের এখানে কোনো বেড়ি বাঁধ নেই। আশ্রয়কেন্দ্র নেই। বছরের পর বছর এ অবস্থা চলছে। ইলেকশন আসলে সবাই ওয়াদা দিয়ে যায়, এরপর সবাই ভুলে যায়।’
সরেজমিনে কর্ণফুলী পাড়ের প্রায় এক কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, কোথায় কোনো বাঁধের অস্তিত্ব নেই। এক নম্বর ডাঙারচর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্রের জন্য জায়গা দরকার। এলাকায় যাঁরা বাস করেন তাঁদের কাছে তেমন জায়গা জমি নেই। যাঁদের জায়গা আছে তাঁরা শহরে থাকেন। গত বুধ-বৃহস্পতিবার দিন ঘূর্ণিঝড় মহাসেনের পূর্বাভাস শুনে কেউ কেউ শহরে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। আর বাকিরা জুলধা বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন।
প্রায় চার বর্গমাইল আয়তনের এ জনপদের লোকসংখ্যা প্রায় ১০ হাজার। প্রধান জীবিকা কৃষি। ডাঙার চরের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী)। প্রশাসনিক কাজ তদারকি হয় পটিয়া উপজেলায়। আর আইনশৃংখলা নিয়ন্ত্রিত হয় শহরের কর্ণফুলী থানার মাধ্যমে। নদীপথই চলাচলের একমাত্র মাধ্যম।
ঘাটের ইজারাদার নজির আহম্মদ অভিযোগ করেছেন, ‘৫ নম্বর জেটি ঘাটের যাত্রী ছাউনিটি ভেঙে যাওয়ায় যাত্রীরা আমাকে চাপ দিচ্ছেন। কিন্তু সিটি করপোরেশন এদিকে নজর দিচ্ছে না।’ করপোরেশনের কাছ থেকে তিনি ১৩ লাখ ২৬ হাজার টাকায় ঘাট ইজারা নিয়েছেন বলে জানান।
এলাকাবাসী স্থানীয় দোনার খালের ওপর একটি সেতু দাবি করেছেন। এটি নির্মিত হলে শহরের সঙ্গে তাঁদের দ্রুত যোগাযোগ সম্ভব হবে।