শহরের কোরবানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদ সমাগত। মরচে পড়া ছুরি-চাকুতে শাণ পড়ছে। ছুরি-চাকুদের সারা বছরের বেকারত্ব ঘুচছে। এ ঈদে তাদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কর্মব্যস্ততাও প্রচণ্ড। সে জন্যই ঝকঝকে তকতকে, ক্ষুরধার হয়ে ওঠার বিকল্প নেই। পুরোনো যারা আছে তারা তো আছেই, তাদের সহযোগী হিসেবে নতুন কুড়াল-চাপাতি-রমদারাও এসে যাবে কোথাও কোথাও। বৃত্তাকারে কাটা তেঁতুলগাছের গুল আসবে কর্মসহায়কের ভূমিকায়।গ্রামে-মফস্বলে পশু কোরবানির কর্মোদ্যোগ কোরবানিদাতারাই সম্পন্ন করে থাকেন। বাড়ির উঠোনে বা পাড়ার মাঠে প্রাতঃকালেই কোরবানি হয়ে যায়। নিজ হাতেই জবাই করা উত্তম যদিও, তবে বিবিধ কারণে এ কাজের দায়িত্ব পড়ে সাধারণত মসজিদের খতিব, মোয়াজ্জেম বা মক্তবের মৌলবিদের ওপরই। পরের বাদবাকি কাজে বড়দের সঙ্গে ছেলেপুলেরা হাত লাগায় মহা-উৎসাহে। নারীরাও ব্যতিব্যস্ত থাকে বিলিবণ্টন, ধোয়ামোছার ব্যস্ততায়। কোরবানির ঈদে সেটাই মূলত আনন্দের বিষয়।বড় বড় শহরে ব্যাপারটা আলাদা। সেখানে যেমন স্থানাভাব, তেমনি লোকবলেরও স্বল্পতা। বহুতল ভবনের গ্যারেজে বা বাসার সামনে পথের ওপরই কোরবানি করে চটজলদি আনুষঙ্গিক কাজ শেষে পানি ঢেলে বর্জ্য পরিষ্কার করার তাড়া থাকে। ফলে পেশাদারদের শরণাপন্ন হতে হয়।এখন তো সেলস প্রমোশনের যুগ। ইতিমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হয়ে গেছ, ‘...কিনলে কসাই ফ্রি!’ ‘গরু কিনলে খাসি ফ্রি’ কিংবা ‘ উট কিনলে ভেড়া ফ্রি’ এমন ঘোষণাও হয়তো আসবে অচিরেই। তবে ফ্রি কসাই দিয়ে কাটাকুটির কাজ চললেও ফ্রি পাওয়া পশুতে কোরবানি চলবে কি না, সে বিষয়টি মাথায় রাখা ভালো।এবার মাথা ঠান্ডা রাখা একটু মুশকিলই বটে। গৃহপালিত চতুষ্পদেরা এবার রীতিমতো সনদপত্রধারী। সদ্য অ্যানথ্রাক্স জয় করে আসা। অবমূল্যায়নসুলভ দরদাম করে গায়ে হাত দিতে গেলে মশামাছি তাড়ানোর মতো লেজের ঝাপটা হাঁকিয়ে দিতে পারে।সারা বছর গরু-মহিষ, ছাগল-ভেড়া দিয়ে চললেও, কোরবানিতে তারা যথেষ্ট নয়। উট-দুম্বার সমাদর বাড়ছে। মুক্তবাণিজ্য যুগের অবাধ আদান-প্রদানের সুবিধায় মরুভূমির জাহাজ ও তার সঙ্গীরা উপস্থিত আমাদের বন্যা-জলোচ্ছ্বাসের দেশে। টাকা বড় কথা নয়, কোরবানির জন্য চাই উৎকৃষ্ট পশু। তবে হাটের উৎকৃষ্ট চতুষ্পদটির সঙ্গে অন্তরের গহিন বিবরে ঘাপটি মেরে থাকা পশুটিকেও কোরবানি করা চাই। সেটিই প্রকৃত কোরবানি। তা না হলে শুধু পশুর গলায় ছুরি চালিয়ে যে তার কৃপালাভ হবে না, সে কথা পরম করুণাময় স্পষ্টই জানিয়ে দিয়েছেন আদম সন্তানদের।