শহরের চেয়ে চাঙা গ্রামীণ অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>২০০৩ সালের শুমারি অনুযায়ী, শহরে ৫১ দশমিক ৬৯ শতাংশ প্রতিষ্ঠানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলত, গ্রামে চলত ৪৮ দশমিক ৩১ ভাগ প্রতিষ্ঠানে। ২০১৩ সালে গ্রামে অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠে ৫৯ দশমিক ৭৮ শতাংশ। শহরে এ সূচক কমে হয়েছে ৪০ দশমিক ২২ শতাংশ

রাজশাহীতে গত ১০ বছরে গ্রামীণ অর্থনীতি বেশ চাঙা হয়েছে। এ সময়ে গ্রামীণ এলাকায় শহরের তুলনায় অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় ১০ শতাংশ বেড়েছে। আনুপাতিক হারে শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড কমেছে। গতকাল বৃহস্পতিবার এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

‘রাজশাহীর কৃষিবহির্ভূত অর্থনৈতিক শুমারি ২০১৩’ শীর্ষক এ সেমিনার জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়। এ প্রকাশনা সেমিনারের
আয়োজন করে রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুনির হোসেন। স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে উন্নয়নের সূচকগুলো তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের তৃতীয় এই অর্থনৈতিক শুমারি ২০১৩ সালের ৩১ মার্চ থেকে ৩১ মের মধ্যে পরিচালিত হয়েছে। সব অর্থনৈতিক কর্মকাণ্ডসম্পন্ন খানা এবং সব ধরনের স্থায়ী-অস্থায়ী প্রতিষ্ঠানকে এই শুমারির অন্তর্ভুক্ত করা হয়। প্রতিষ্ঠান ও জনবলের সংখ্যা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের পরই রাজশাহীর অবস্থান। তবে রাজশাহীতে শিল্পায়নের চিত্র হতাশাব্যঞ্জক। ২০০৩ সালের শুমারির সময় শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭ হাজার ২১৯টি। ১০ বছর পরে তা বেড়ে হয়েছে ১২ হাজার ৪৬টি।
এই শুমারিতে রাজশাহীর কৃষিবহির্ভূত সব অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, শহরের অর্থনীতির তুলনায় গ্রামীণ অর্থনীতি ক্রমেই চাঙা হচ্ছে। এর পেছনে রয়েছে খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্রুত বিকাশ। ২০০৩ সালের শুমারি অনুযায়ী, শহরে ৫১ দশমিক ৬৯ শতাংশ প্রতিষ্ঠানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলত, গ্রামে চলত ৪৮ দশমিক ৩১ ভাগ প্রতিষ্ঠানে। পরবর্তী ১০ বছরে গ্রাম ও শহর সবখানেই অর্থনৈতিক প্রতিষ্ঠান বেড়েছে। তবে গ্রামের চেয়ে শহরের বৃদ্ধির হার কম। ২০১৩ সালের শুমারি অনুযায়ী, গ্রামে অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে ৫৯ দশমিক ৭৮ শতাংশ। শহরে এ সূচক কমে হয়েছে ৪০ দশমিক ২২ শতাংশ।
২০০৩ সালে গ্রামাঞ্চলে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৮ হাজার ৩৫৮টি। ১০ বছর পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৯৭৮ তে। ২০০৩ সালে শহর এলাকায় এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪১ হাজার ৪৭টি। ২০১৩ সালে তা বেড়ে ৬১ হাজার ৮৮৭টি হয়েছে।
অর্থনৈতিক কর্মকাণ্ডে গ্রামের জনবলও বেড়েছে। ২০০৩ সালে গ্রাম এলাকার ৪৪ দশমিক ৪৭ শতাংশ মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিল। ১০ বছর পরে তা বেড়ে হয়েছে ৫৫ দশমিক ০৬ শতাংশ। শহরে ২০০৩ সালে ছিল ৫৫ দশমিক ৫৩ শতাংশ। ১০ বছর পরে তা কমে হয়েছে ৪৪ দশমিক ৯৪ শতাংশ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবদুল হান্নান বলেন, এই পরিসংখ্যান বইটি গবেষক, শিক্ষক ও নীতিনির্ধারকদের খুবই কাজে লাগবে। তবে গ্রামীণ অর্থনীতি যেহেতু এগিয়ে যাচ্ছে, সেহেতু বইটির জীবনঘনিষ্ঠ অংশটুকু বাংলায় বিলিপত্র আকারে প্রকাশ করলে গণমানুষের কাজে আসত।