শহরের দারিদ্র্য বিমোচন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ বাংলাদেশের প্রধান শহরগুলোতে প্রায় ৩০ লাখ শিশু বস্তিতে বাস করছে। তাই জাতীয় উন্নয়ন পরিকল্পনায় নগর দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে অন্তর্ভুক্ত করতে হবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে নগর ও গ্রামে সমতা আনতে শহর এলাকায় দারিদ্র্য বিমোচন জরুরি।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিন দিনের সফরে তিনি গত ৭ জানুয়ারি ঢাকায় আসেন। বাংলাদেশ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি ঢাকার বাইরে ইউনিসেফের প্রকল্প ঘুরে দেখেন।বাংলাদেশ সফরের প্রতিপাদ্য উল্লেখ করতে গিয়ে অ্যান্থনি লেক বলেন, ‘শিশুমৃত্যুর হার ও প্রসূতিমৃত্যুর হারসহ এমডিজির কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন নিয়ে আমি আলোচনা করেছি। বিশেষ করে সমাজের সবচেয়ে অনগ্রসর গোষ্ঠীর সমস্যা সমাধানে বাংলাদেশের এ অর্জন প্রশংসনীয়।’ ইউনিসেফের প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে গ্রাম ছেড়ে মানুষ বাধ্য হয়ে শহরে পাড়ি জমাচ্ছে। নগরায়ণ রোধ করার কোনো সুযোগ নেই। এর ফল হিসেবে নগরজীবনের দারিদ্র্য, শহুরে এলাকার বস্তিতে বসবাসকারী শিশুদের জীবনযাত্রার পরিবর্তনের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনায় সমতার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ইউনিসেফের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের অন্যান্য প্রান্তের মতো বাংলাদেশেও নগরের বস্তিতে বসবাসকারী শিশুরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। আগে গ্রামীণ শিশুরাই সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হতো। অ্যান্থনি লেক বলেন, পর্যাপ্ত খাবারের অভাবে নয়, পুষ্টির অভাবেই শিশু তার জন্মের প্রথম এক হাজার দিনের মাথায় খর্বকায় হয়ে পড়ে। বাংলাদেশ সফরে তিনি মুগ্ধ। তিনি বলেন, ‘নানা রকম নিপীড়ন ও বঞ্চনার শিকার হওয়া শিশুদের আমরা বঞ্চিতজন হিসেবে দেখি। কিন্তু দুর্বিষহ সব প্রতিবন্ধকতা পেরিয়ে এসব শিশু যেভাবে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তাতে আমাদের মুগ্ধ হতে হয়।’ সত্তরের দশকের মাঝামাঝি বাংলাদেশে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিলেন অ্যান্থনি লেক। সে সময় বাসে চড়ে ঘুরে বেরিয়েছেন কুমিল্লা, ময়মনসিংহ ও দিনাজপুরসহ বাংলাদেশের বিভিন্ন শহর। তিন দশক পর এসে দেখলেন, অনেক বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি উদ্ভাবনীশক্তির অধিকারী ও বৈচিত্র্যপিয়াসী।