শহরের দেয়ালে আনমনা পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাদে আনমনা বসে আছে কাক। ছবি: লেখক
ছাদে আনমনা বসে আছে কাক। ছবি: লেখক

কোনো এক পড়ন্ত বিকেলে ক্লান্ত চোখে দূর অজানাতে আকাশপানে তাকিয়ে আছি আর ভাবছি, এই মহামারি কবে ছেড়ে যাবে আমাদের প্রিয় শহর থেকে? আবার কবে সেই প্রিয় ক্যাম্পাসের চিরচেনা সবুজ গালিচায় বসে প্রিয় মানুষগুলোর সঙ্গে আড্ডা দেব? আবার কবে সেই নাগরিক কোলাহলে মুখর হবে নীলক্ষেতের বইয়ের দোকানগুলো?

করোনাভাইরাস বা কোভিড-১৯–এর জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয় গত ১৮ মার্চে। প্রায় দুই মাস হতে চলল প্রাণের ক্যাম্পাস, বন্ধু, বড় ভাই ও স্যারদের সঙ্গে আড্ডা দেওয়া, গল্প করা হচ্ছে না।

ছাদের চিলেকোঠায় বসে যখন এই কথাগুলো ভাবছি, ঠিক তখনই চোখ পড়ল ছাদের এক কোনায় আনমনা হয়ে বসে আছে একটি কাক। মনে হচ্ছিল, সে–ও আমার মতো বড্ড একা। এই লকডাউনে সে তার সঙ্গীকে হারিয়ে ফেলেছে। সঙ্গীকে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে তাকিয়ে আছে দূর অজানার উদ্দেশে।

কাকটি ভবনের চিলেকোঠার দেয়ালে একেবারেই মূর্তির মতো বসে ছিল। তখন শিরোনামহীন ব্যান্ডের পাখি গানটি মনে পড়ছে,
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শিস দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শিস
এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।

একদিন উঠে যাবে এই শহরের লকডাউন। পৃথিবী থেকে বিদায় নেবে মহামারি করোনাভাইরাস। সবাই ফিরে পাবে সুস্থ পৃথিবী। কেটে যাবে শহরের এই নিস্তব্ধতা। প্রিয় শহরগুলো ফিরে পাবে তার সেই চিরচেনা নাগরিক কোলাহল। ক্যম্পাসগুলো ভরে উঠবে শিক্ষার্থীদের সেই আড্ডা ও মজা–মাস্তিতে। এই স্বপ্ন দেখেই প্রতিদিনের ঘুম ভাঙে। শিগগির যেন আমরা দেখা পাই এক চিরচেনা সুস্থ পৃথিবীর।

*লেখক: শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। [email protected]