শহরের নামকরা স্কুলগুলোয় উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল খারাপ হলেও কুমিল্লা শহরের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফল এবারও ভালো হয়েছে। বেলা দুইটায় ফল ঘোষণার পর বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয় বর্তমান শিক্ষার্থীরাও। শহরের অন্তত ছয়টি প্রতিষ্ঠানে গিয়ে এমন উচ্ছ্বাসই দেখা গেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, এ বছর কুমিল্লা শহরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফল ভালো হয়েছে।
কুমিল্লা জিলা স্কুল থেকে ৩৬২ জন পরীক্ষা দিয়ে ৩৫৯ জন পাস করেছে। ফেল করেছে ৩ জন। পাসের হার ৯৯ দশমিক ১৮। জিপিএ-৫ পেয়েছে ২৫১ জন।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩১৯ জন পরীক্ষা দিয়ে ৩১২ জন পাস করে। পাসের হার ৯৭ দশমিক ৮১। জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন। বিজ্ঞানে ৩০৩ জন পরীক্ষা দিয়ে ২৯৭ জন পাস করে। জিপিএ-৫ প্রাপ্তরা সবাই বিজ্ঞান বিভাগের।
আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল থেকে ১০৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। পাসের হার শতভাগ। কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে ১ হাজার ২৯১ জন পরীক্ষা দিয়ে ১ হাজার ২৫৭ জন পাস করে। পাসের হার ৯৪ দশমিক ৯৯। কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ থেকে ৮৩ জন পরীক্ষা দিয়ে ৪২ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার শতভাগ। অ্যাথনিকা এন ইংলিশ ভার্সন স্কুলে ২৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, ‘শহরাঞ্চলে দক্ষ শিক্ষক ও যত্নবান অভিভাবক থাকায় নামকরা প্রতিষ্ঠানগুলো ভালো করেছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ পায়নি।