শহরের প্রধান সড়কটি নর্দমার পানিতে সয়লাব

বগুড়া শহরের ব্যস্ততম কবি নজরুল ইসলাম সড়ক দীর্ঘদিন ধরে নর্দমার নোংরা ও দুর্গন্ধময় পানি উপচে জলাবদ্ধ হয়ে আছে। এতে শহরের প্রধান এই সড়কে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বগুড়ার সাতমাথা থেকে থানা মোড় পর্যন্ত এ সড়কটিতে পথচারী ছাড়াও অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির পশ্চিম পাশের নালা সংস্কার না করায় নর্দমার পানি সারা বছরই উপচে পড়ে সড়কে। নর্দমার নোংরা পানিতে সড়কের কয়েক শ মিটার অংশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সিঙ্গার বাংলাদেশের শোরুম থেকে শুরু করে পুরাতন উত্তরা সিনেমা হল সড়কের পশ্চিম পাশের ব্যাংক, বিমা, হোটেল-রেস্তোরাঁসহ অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিকিকিনি ও গ্রাহকসেবা লাটে উঠেছে।
সিঙ্গার বাংলাদেশের বগুড়া সাতমাথা শাখার বিক্রয় ব্যবস্থাপক সুলতান মাহমুদ বলেন, রাস্তাটি এক বছর ধরে জলাবদ্ধ হয়ে পড়ে আছে। তাও নর্দমার দুর্গন্ধময় পানিতে। এতে বেচাকেনায় মন্দা ভাব নেমে এসেছে। সারা দিন হাত গুটিয়ে বসে থাকতে হয়, ক্রেতা আসে না। শাহিন নামে একজন ব্যবসায়ী বলেন, সড়কে জলাবদ্ধতা নিরসনে ব্যবসায়ীদের পক্ষ থেকে পৌরসভার কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। গত মাসে মানববন্ধন ও সমাবেশও করা হয়েছে। কিন্ত সমাধান মেলেনি।
ট্রাফিক পুলিশের একজন সদস্য বলেন, এটি একটি ব্যস্ত সড়ক। ঢাকা-উত্তরাঞ্চলের দূরপাল্লার বাস-ট্রাকও রাত ১০টার পর চলাচল করে এই পথে। নর্দমার পানিতে সড়ক ডুবে থাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট হচ্ছে।
বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহাবুবুর রহমান বলেন, শহরের ওই সড়কসহ স্টেশন সড়ক, শেরপুর সড়ক এবং সারিয়াকান্দি সড়ক সওজের। সড়কের পাশে নালা ও নর্দমা নির্মাণের দায়িত্বও তাদের।