শহরের প্রধান সড়কে বছরের পর বছর ধরে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়কের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সভা-সমাবেশ করে আসছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা।
শহরের প্রধান ওই সড়কটি বগুড়া ও নওগাঁয় যাতায়াতের একমাত্র পথ। মসজিদ চত্বর থেকে উত্তর দিকে পাঁচবিবি যাওয়ার একটি সড়ক রয়েছে। মসজিদের পশ্চিম পাশ দিয়ে শহরের দক্ষিণে নতুন হাট এলাকাসহ বিভিন্ন স্থানে যাওয়ার রাস্তা চলে গেছে। মসজিদ চত্বর এলাকায় সড়কের ওপর মঞ্চ বানিয়ে বছরের পর বছর ধরে সভা-সমাবেশ করা হচ্ছে। এ সময় পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিকল্প পথে চলার নির্দেশ দেয়। এতে যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি যাত্রী ও চালকদের ঘুরে দীর্ঘ পথ পারি দিয়ে গন্তব্যে যেতে হয়।
বিগত চারদলীয় জোট সরকারের আমলের প্রথম দিকে জেলার রাজনৈতিক দলগুলো এক হয়ে কেন্দ্রীয় মসজিদ চত্বরের পশ্চিম পাশে রেলওয়ের জমির ওপর ‘মুক্ত মঞ্চ’ নামে ইটের তৈরি পাকা মঞ্চ তৈরি করে। তখন থেকেই রাজনৈতিক দলগুলো রাস্তা বন্ধ করে সেখানে সভা-সমাবেশ করে আসছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই মঞ্চ ভেঙে দেওয়া হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেখানে আবার অস্থায়ী মঞ্চ বানিয়ে পুনরায় সভা-সমাবেশ করা হচ্ছে। ২০ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সেখানে সভা অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সভা চলে। দীর্ঘ সময় রাস্তা বন্ধ করে সভা চলায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন জোট বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সভা করে।
শহরে দীর্ঘদিন ধরে রিকশা চালান বকুল হোসেন। তিনি বলেন, সভা চলাকালে তাদের বিকল্প পথে অনেক ঘুরে যানজট পেরিয়ে গন্তব্যে যেতে হয়। মসজিদ চত্বরসংলগ্ন এলাকার কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সভা-সমাবেশের কারণে তাঁদের ব্যবসার মারাত্মক ক্ষতি হয়। বেশি কিছু বললে দোকানপাট ভাঙচুর করা হয়। এর আগে কয়েকটি দোকান ভাঙচুরের শিকার হয়েছে।
রাস্তা বন্ধ করে সভা করার বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, ভবিষ্যতে রাস্তা বন্ধ করে সভা না করার জন্য সব রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, বিকল্প হিসেবে কেন্দ্রীয় মসজিদ চত্বরের উত্তর পাশে রেলওয়ে ও জেলা পরিষদের ফাঁকা জায়গায় সভা করার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির আগামী সভায় বিষয়টি উপস্থাপন করে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জয়পুরহাট পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লা বলেন, সভা করার জন্য পৌর কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন। কিন্তু কেউ অনুমতি নেয় না।